নবায়নযোগ্য জ্বালানিতে বছরে বিনিয়োগ প্রয়োজন ১৫৪ কোটি ডলার: গবেষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৬, ১৯:১৮ আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৯:১৮

দেশে ২০৩০ সাল পর্যন্ত নবায়নযোগ্য জ্বালানি খাতে বছরে প্রায় ১৫৪ কোটি মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন। বর্তমানে বিনিয়োগ হচ্ছে মাত্র ১৯ কোটি ডলার। ফলে বছরে ঘাটতি থাকছে প্রায় ১৩৫ কোটি ডলার। একই সঙ্গে এ খাতের জলবায়ু অর্থায়নের প্রায় ৯০ শতাংশই ঋণ হিসেবে আসছে।

বেসরকারি সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার সিরডাপ মিলনায়তনে আয়োজিত জাতীয় সংলাপে গবেষণাটি প্রকাশ করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

‘বাংলাদেশের জ্বালানি খাতে ঋণের টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক গবেষণায় বলা হয়েছে, সরকারি ঋণের চাপ না বাড়িয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে অনুদান ও সাশ্রয়ী অর্থায়ন বাড়াতে হবে। উন্নয়ন ব্যাংকগুলোর সহায়তায় বিনিয়োগের ঝুঁকি কমানোর পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান, কৃষক ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য অর্থায়ন সহজ করার সুপারিশ করা হয়েছে।

গবেষণায় ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত জ্বালানি খাতের জলবায়ু অর্থায়ন বিশ্লেষণে দেখা গেছে, প্রতি এক ডলার অনুদানের বিপরীতে বাংলাদেশ প্রায় ৯ ডলার ঋণ পেয়েছে। স্বল্পোন্নত দেশগুলোর গড় অনুপাত ১ ডলার অনুদানের বিপরীতে ১ দশমিক ৫৩ ডলার ঋণ। অন্যদিকে, ২০০০ থেকে ২০২৫ সাল পর্যন্ত নবায়নযোগ্য জ্বালানি খাতের বিনিয়োগের ৯০ দশমিক ৪ শতাংশ এসেছে ঋণ হিসেবে। অনুদান ছিল মাত্র ৭ শতাংশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা ও অতিরিক্ত ঋণের চাপ কমাতে হবে। ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

চেঞ্জ ইনিশিয়েটিভের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম. জাকির হোসাইন খান বলেন, ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সাশ্রয়ী অর্থায়ন নিশ্চিত করতে হবে। অনুদান, সহজ শর্তের অর্থায়ন ও দায়িত্বশীল বিনিয়োগ প্রয়োজন।

গবেষণায় পাঁচটি বড় বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকের মাধ্যমে বছরে ৬৩০ কোটি ডলার সরকারি অর্থায়নের সম্ভাবনা থাকলেও ২০২৪ থেকে ২০২৬ সময়ে নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রযোজ্য অর্থায়নের প্রতিশ্রুতি ছিল মাত্র ৮২ কোটি ডলার বলে উল্লেখ করা হয়েছে।

অর্থায়ন সহজ করতে ‘রিনিউয়েবল এনার্জি সভরেইনটি ফ্যাসিলিটি’ নামে বিশেষ তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে সংস্থাটি। প্রস্তাব অনুযায়ী, ইডকল তহবিল পরিচালনা করবে এবং পিকেএসএফ স্থানীয় জনগোষ্ঠীর প্রকল্পে সহায়তা তদারক করবে।

গবেষণার মডেলভিত্তিক হিসাব অনুযায়ী, ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত ৭৯০ কোটি ডলারের বিনিয়োগ চাহিদা পূরণে নতুন সার্বভৌম ঋণের প্রয়োজন প্রচলিত ব্যবস্থার ৪৬০ কোটি ডলার থেকে কমিয়ে ৮০ কোটি ডলারে আনা সম্ভব হতে পারে।

পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, সরকারের প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন থাকতে হবে। ছাদভিত্তিক সৌরবিদ্যুতের প্রসার, আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশ সুরক্ষা জোরদার করা এখনকার গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন, জলবায়ু বিশেষজ্ঞ ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের সাবেক পরিচালক খন্দকার মোরশেদ মিল্লাত।

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাসের স্বল্পচাপ থাকবে: গুজবে কান না দেওয়ার অনুরোধ
নবায়নযোগ্য জ্বালানি শুধু সম্ভাবনাময় খাত নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী
দুই দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
এশিয়া কাপের দলে সাব্বির
এশিয়া কাপের দলে সাব্বির
১০ ঘণ্টার পথ মাত্র সাড়ে ৩ ঘণ্টায়!
১০ ঘণ্টার পথ মাত্র সাড়ে ৩ ঘণ্টায়!
শ্রমিকদের ধাওয়ায় রাস্তা থেকে দৌড়ে থানায় পুলিশ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড
শ্রমিকদের ধাওয়ায় রাস্তা থেকে দৌড়ে থানায় পুলিশ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ