একই অঞ্চলের দেশ, অথচ রান্নার গ্যাসের দামে রয়েছে বড় পার্থক্য। কোথাও সরকার ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে রেখেছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম, কোথাও আবার আমদানি ব্যয় ও বাজারের চাপে চড়া দাম দিতে হচ্ছে গ্রাহকদের। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত ও ভুটানে গৃহস্থালি গ্রাহকদের জন্য ভর্তুকির ব্যবস্থা রয়েছে। নেপালেও প্রকৃত ব্যয়ের চেয়ে কম দামে এলপিজি সরবরাহ করা হচ্ছে। বিপরীতে বাংলাদেশে ভর্তুকি দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে সরকার।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনায় বাংলাদেশে এলপিজির দাম মাঝামাঝি পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে গৃহস্থালি গ্রাহকদের জন্য ভর্তুকি না থাকায় বাংলাদেশের ভোক্তাদের তুলনামূলক বেশি দাম দিতে হচ্ছে। উপমহাদেশের দেশগুলোর মধ্যে এলপিজি বিক্রিতে সাধারণ গ্রাহকদের সবচেয়ে বেশি সুবিধা দেয় ভারত। আর সবচেয়ে কম সুবিধা দেয় পাকিস্তান।
বাংলাদেশে এলপিজির বাজারে দাম বাড়ার প্রবণতার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, বাংলাদেশে এলপিজির বড় সরবরাহ আসত মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরান থেকে। যুদ্ধের কারণে ইরানের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে নতুন বাজার থেকে এলপিজি কিনতে হচ্ছে। সরকারি হিসাব বলছে, নতুন সেই বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের তুলনায় যুক্তরাষ্ট্রের দূরত্ব বেশি হওয়ায় এবং জাহাজভাড়া বেড়ে যাওয়ায় এলপিজির দামও বেড়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে ৮৫ শতাংশ এলপিজি আমদানি হচ্ছে।
বাংলাদেশে নভেম্বর মাসে প্রতি কেজি এলপিজির সরকার নির্ধারিত দাম ১৭১ টাকা ৬৬ পয়সা। ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা।
ভারতে গৃহস্থালি গ্রাহকদের জন্য ভর্তুকি
উপমহাদেশের দেশগুলোর মধ্যে গৃহস্থালি এলপিজিতে সবচেয়ে বেশি সুবিধা দিচ্ছে ভারত। দেশটির মিনিস্ট্রি অব পেট্রোলিয়াম গ্যাসের ওয়েবসাইট ও গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতে সাধারণ গ্রাহক ও বাণিজ্যিক ব্যবহারকারীদের জন্য এলপিজির দামে বড় পার্থক্য রয়েছে।
দিল্লিতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত পরিবারগুলো ১৪ দশমিক ২ কেজির একটি এলপিজি সিলিন্ডার কিনতে কার্যত ৬৪২ রুপি খরচ করে। যদিও সিলিন্ডারটির খুচরা মূল্য ৯৪২ রুপি। সরকার প্রতি সিলিন্ডারে ৩০০ রুপি ভর্তুকি সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে জমা দেয়। এর বাইরে রান্নার গ্যাস সরবরাহের ব্যয় বাবদ প্রতি সিলিন্ডারে সরকার আরও ৩২৫ দশমিক ২৪ রুপি বহন করে, যা কোম্পানিগুলোকে দেওয়া হয়।
অন্যদিকে, গত ১ নভেম্বর ইন্ডিয়ান অয়েল ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে ২ হাজার ৮২০ রুপি। সে হিসাবে প্রতি কেজির দাম ১৪৮ রুপি। এক রুপির বিনিময় হার ১ দশমিক ৩৪ টাকা ধরে হিসাব করলে দেখা যায়, ভর্তুকি ছাড়াই ভারতে প্রতি কেজি এলপিজির দাম বাংলাদেশি মুদ্রায় ১৯৮ টাকা। অর্থাৎ ভারতের তুলনায় বাংলাদেশে প্রতি কেজি এলপিজির দাম বেশি।
ভারত রান্নার গ্যাসে বিপুল জনগোষ্ঠীকে ভর্তুকি দিয়ে গৃহস্থালি এলপিজির দাম কমিয়ে রেখেছে। গত বছর দেশটি এলপিজি বিক্রির ক্ষেত্রে ৩০ হাজার কোটি রুপি ভর্তুকি দিয়েছে।
পাকিস্তানে সরকারি দামের চেয়ে বেশি দামে বিক্রি
পাকিস্তান সরকার গত ১ নভেম্বর ১১ দশমিক ৮ কেজির এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে ৩ হাজার ৪৭০ টাকা। তবে দেশটির ডেইলি ডন পত্রিকায় গত ১ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার নির্ধারিত দামের তুলনায় দ্বিগুণ দামে খোলাবাজারে এলপিজি বিক্রি হচ্ছে। এ কারণে সরকারি ঘোষিত দাম ও সাধারণ গ্রাহকের প্রকৃত খরচের মধ্যে বড় পার্থক্য রয়েছে।
নেপালে লোকসান দিয়ে এলপিজি বিক্রি
নেপালেও সরকার এলপিজির প্রকৃত ব্যয়ের একটি অংশ বহন করছে। গত ৭ নভেম্বর দেশটির অনলাইন সংবাদমাধ্যম রাতোপাটির এক প্রতিবেদনে বলা হয়, সেখানে ১৪ দশমিক ২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের খুচরা দাম ২ হাজার ৬০ নেপালি রুপি। অথচ একই সিলিন্ডারের আমদানি, পরিবহন ও অন্যান্য ব্যয় মিলিয়ে প্রকৃত খরচ প্রায় ২ হাজার ৭০০ রুপি। ফলে প্রতি সিলিন্ডারে নেপাল অয়েল করপোরেশনের (এনওসি) লোকসান হচ্ছে প্রায় ৬৪০ রুপি। এই লোকসান সরকার ভর্তুকি হিসেবে বহন করছে। ফলে প্রকৃত ব্যয়ের তুলনায় কম দামে এলপিজি পাচ্ছেন দেশটির সাধারণ গ্রাহকরা। নেপালের হোটেল, রেস্টুরেন্টের মতো বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও একই দামে এলপিজি কিনছে।
এক নেপালি রুপির বিনিময় হার বাংলাদেশি ০ দশমিক ৮৩৫৬ টাকা। সেই হিসাবে ২ হাজার ৬০ রুপির একটি সিলিন্ডারের দাম বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৭২২ টাকা। তুলনা করলে দেখা যায়, বাংলাদেশের তুলনায় নেপালে এলপিজির দাম কম।
ভুটানেও গৃহস্থালি গ্রাহকদের ভর্তুকি
ভুটানেও এলপিজিতে ভর্তুকি দেওয়া হয়। সেখানে ১৪ দশমিক ২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের ভর্তুকিপ্রাপ্ত দাম ১ হাজার ১৩০ গুলট্রাম। ভর্তুকি ছাড়া একই সিলিন্ডারের দাম ১ হাজার ৫০৬ গুলট্রাম। অন্যদিকে, বাণিজ্যিক ব্যবহারের জন্য ১৯ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬৮৩ গুলট্রাম। অর্থাৎ ভুটানে গৃহস্থালি ও বাণিজ্যিক গ্রাহকদের জন্য এলপিজির দাম আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে।
এক গুলট্রাম সমান ১ টাকা ৩৪ পয়সা ধরে হিসাব করলে ভুটানে ১৪ দশমিক ২ কেজির সিলিন্ডারের দাম বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ১৩ টাকা। অর্থাৎ ভুটানে এলপিজির দাম বাংলাদেশের তুলনায় কম। দেশটি এলপিজির পুরোটাই ভারত থেকে আমদানি করে থাকে।
শ্রীলঙ্কায় ১২.৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৬৩৮ টাকা
শ্রীলঙ্কায় রাষ্ট্রায়ত্ত এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান লিট্রো গ্যাসের ১২ দশমিক ৫ কেজির একটি গৃহস্থালি সিলিন্ডারের দাম ৪ হাজার ৩৬৫ শ্রীলঙ্কান রুপি। ২০২৬ সালের নভেম্বর মাসে দেশটিতে এই দাম অপরিবর্তিত রাখা হয়েছে। লিট্রো গ্যাস সরকারি প্রতিষ্ঠান। তারাও অন্তত ৮১ শতাংশ এলপিজি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে।
এক শ্রীলঙ্কান রুপির বিনিময় হার ০ দশমিক ৩৭৫২ টাকা। সেই হিসাবে শ্রীলঙ্কায় সাড়ে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৬৩৮ টাকায়।
ভর্তুকির সুযোগ দেখছে না সরকার
এলপিজির মূল্য বৃদ্ধির বিষয়ে গণশুনানিতে ভর্তুকির প্রসঙ্গ উঠলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ ভর্তুকির বিষয়টি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ‘এমনিতেই সরকার জ্বালানি খাতে অনেক টাকা ভর্তুকি দিচ্ছে। এখন সেটা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এই অবস্থায় নতুন করে দায় তৈরি করা সম্ভব না।’
এদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদুর রহমানও বলেছেন, সরকারের ভর্তুকি দেওয়ার সক্ষমতা ফুরিয়ে এসেছে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ‘ভারতের সঙ্গে তুলনা করার ক্ষেত্রে গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজির দামের পার্থক্য প্রায়ই উপেক্ষা করা হয়। ভারতের গৃহস্থালি গ্রাহকরা কম দামে এলপিজি পান, কারণ সরকার এর একটি উল্লেখযোগ্য অংশের খরচ বহন করে। অন্যদিকে, বাণিজ্যিক গ্রাহকদের বাজারভিত্তিক দাম দিতে হয়। পাকিস্তানের সরকারি ঘোষিত দাম খোলাবাজারে কিছু ভোক্তার দেওয়া দামের চেয়ে অনেক কম। আর নেপাল এলপিজি সরবরাহের জন্য ভারতের ওপর নির্ভরশীল।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তান ও শ্রীলঙ্কার গভীর সমুদ্রবন্দর থাকায় দেশ দুটি বেশি এলপিজি আমদানি করে। আমাদের সে তুলনায় অনেক কম আমদানি করা হয়।’