মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শ্যাম সুন্দর আশ্রমের গত রবিবার রাতে তালা ভেঙ্গে অষ্টধাতুর তৈরি রাধা-কৃষ্ণের দুইটি মূর্তি ও ছয়টি মূল্যবান শীলা পাথর খণ্ড চুরি করেছে দুর্বৃত্তরা।
আশ্রমের সেবায়েত মনোরঞ্জন চক্রবর্তী জানান, গত রবিবার গভীর রাতে আশ্রমে তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা ৫/৬ কেজি ওজনের রাধা-কৃষ্ণের মূর্তি ও শীলা পাথরগুলো চুরি করে নিয়ে যায়। সোমবার সকালে আশ্রমে এসে বিষয়টি দেখতে পেয়ে প্রথমে স্থানীয় লোকজন ও পরে পুলিশকে জানান।
এ বিষয়ে আশ্রমের সাধারণ সম্পাদক অসিম কুমার সাহা জানান, মূর্তি ও পাথরগুলো মূল্যবান। এ কারণে পরিকল্পিতভাবে এগুলো চুরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূর্তি ও জিনিসপত্র উদ্ধার ও জড়িতদের আটকে অভিযান চলছে।
/এসএনএইচ/








