বগুড়ার শাজাহানপুরের সাজাপুর দাঁড়িকামারি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্রসহ তিনজন আহত হয়েছেন। রবিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এ ব্যাপারে শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অখিযোগ থেকে জানা গেছে, শাজাহানপুর উপজেলার সাজাপুর দাঁড়িকামারি গ্রামের গোলাম মোস্তফার ছেলে আবু হানিফ ও তার খালা একই গ্রামের আকন্দপাড়ার রফিকুল ইসলামের স্ত্রী গোলাপ বানু পৈতৃক সূত্রে পাওয়া ৩৭ শতক জমি ভোগদখল করছেন। এ জমির মালিকানা নিয়ে প্রতিবেশী মৃত সেকেন্দার আলীর ছেলে নুর আলমের সঙ্গে বিরোধ চলছিল। রবিবার বেলা ১২টার দিকে আবু হানিফ ও তার বাবা গোলাম মোস্তফা পাওয়ার টিলার দিয়ে ওই জমিতে চাষ করছিলেন। এ সময় বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে নুর আলম, তার ছেলে নজরুল ইসলাম বাবু ও নাজমুল হোসেন, নুরুল ইসলাম, তার ছেলে সোহানুর ইসলাম, নুরনবী, মৃত আবদুল করিমের ছেলে জহুরুল ইসলাম, জাহিদুল ইসলাম, মৃত আবদুল গণির ছেলে মোস্তফা ও আবদুল করিম জমি চাষে বাধা দেয়। এক পর্যায়ে তারা জমির মালিক আবু হানিফকে মারপিট শুরু করে। এতে গোলাম মোস্তফা, তার ছেলে আবু হানিফ ও ভাই নুর আমিন এগিয়ে আসলে তাদেরও মারপিট করে। এ ব্যাপারে আবু হানিফ শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
শাজাহানপুর থানার এসআই মাসুদ রানা জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
/এসএনএইচ/








