বরগুনা পৌর শহরের সোনাখালী এলাকা থেকে ইয়াবাসহ দু’জনকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে পনু মুন্সি নামে এক ইয়াবা ব্যবসায়ীর একটি বড় চালান মোটরসাইকেলে করে নিয়ে আসার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এসময় দু’জনকে ২০টি ইয়াবাসহ আটক করা হয় ।
আটক ব্যক্তিরা হলেন লোকমান হোসেন (২৪) এবং সগির হোসেন (৩৮)। লোকমান হোসেন সার্বক্ষণিকভাবে পনু মুন্সির ড্রাইভার হিসেবে মোটরসাইকেল চালায়।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ শেখ আব্দুল্লাহ বলেন, ঢাকা থেকে আমতলী হয়ে ২ হাজার ইয়াবা আসার খবর পেয়ে তারা অভিযান চালায়। ৩টি মোটরসাইকেলে করে বিক্রেতারা আসছিল। এসময় একটি ফেজার মোটরসাইকেল (ঢাকা মেট্রো- ল-২৩-০৭৩১) থেকে ২০টি ইয়াবাসহ দু’জনকে আটক করা হয়। অন্য দু’টি মোটরসাইকেল পালিয়ে যায়।
গ্রেফতারকৃত সগির হোসেন বলেন ,পনু মুন্সি তাকে ঢাকা থেকে আসা ইয়াবার চালান আনার জন্য আমতলীতে পাঠায়। সঙ্গে ড্রাইভার লোকমানকেও মোটরসাইকেলে পাঠানো হয়।
লোকমান হোসেন বলেন, তার কোন দোষ নেই। পনু মামা যেখানে পাঠায় এবং যা বলে তাই তার করতে হয়।
এব্যাপারে পনু মুন্সি (৪৫), মনির (২৮), লোকমান হোসেন (২৪) এবং সগির হোসেনের (৩৮) বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
পনু মুন্সির বড় ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ সানু মুন্সি বলেন, আমার ভাই হলেও এই মাদকচক্রের ব্যাপারে কোনওভাবে ছাড় দেওয়া হবে না।
পনু মুন্সি সাংবাদিকদের বলেন, তিনি ভাল হয়ে গেছেন। এখন আর মাদক সেবন এবং বিক্রির সঙ্গে তিনি জড়িত নেই।
এএসপি বরগুনা সদর সার্কেল কাজী আব্দুল কাইউম বলেন, মাদকের পক্ষে বড় নেতাদের তদবীর আসাটা দুঃখজনক। এর আগেও পনু মুন্সির বিরুদ্ধে মাদকের মামলা হয়েছিল।
/এমএসএম/








