বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যারা যুদ্ধাপরাধীদের বিচার কার্যে বাধা দিয়েছিল, তারাই বিভিন্ন নামে দেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। আগামীতে বিশ্বে যে ১০টি দেশ উন্নতি লাভ করবে, বাংলাদেশ তার মধ্যে একটি।
শুক্রবার দুপুরে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাস ফিল্ডের ৪ নং কুপের ওয়ার্ক ওভার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে জঙ্গি অপতৎপরতা মোকাবিলা করছে। ইতিমধ্যে জঙ্গি ইন্ধনদাতাদের চিহ্নিত করতেও সক্ষম হচ্ছে তারা।
বাণিজ্যমন্ত্রী বলেন, একাত্তরে বঙ্গবন্ধুর নেতৃত্বে যেভাবে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা হয়েছিল, তেমনি তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বেও ঘরে ঘরে সন্ত্রাসবিরোধী দুর্গ গড়ে তোলা হবে।
কেনিয়া সফরের কথা উল্লেখ করে তোফায়েল বলেন, কেনিয়ার লোকসংখ্যা আমাদের ৪ ভাগের ১ ভাগ, তাদের ভৌগোলিক সীমারেখা আমাদের ৪ গুণ। অথচ এ বছর কেনিয়ার রফতানি হয়েছে ৬ বিলিয়ন ডলার, আর আমাদের হয়েছে ৩৪ বিলিয়ন ডলার।
তোফায়েল আহমেদ আরও বলেন, বর্তমানে বহু দেশ বাংলাদেশকে রোল মডেল হিসেবে বেছে নিয়েছে। শেখ হাসিনার নেতৃত্ব প্রশংসিত হচ্ছে। বিশ্ব নেতারা সবাই প্রধানমন্ত্রীর পাশে আছেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের সচিব মো.নাজিম উদ্দিন চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহম্মেদ, বাপেক্স ব্যবস্থাপনা পরিচালক মো.আতিকুজ্জামান, ভোলার জেলা প্রশাসক সেলিম উদ্দিন, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, উপজেলা চেয়ারম্যান মহব্বতজান চৌধুরী, পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।
ভোলায় ৬টি কুপ থেকে গ্যাস উত্তোলন শুরু হলে মুজদ এক ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে বলে বাপেক্স কর্মকর্তারা নিশ্চিত করেন। পরে মন্ত্রী উপজেলার টবগী ইউনিয়নের মুন্সীরহাট ও জেলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের ৫ ও ৬ নং গ্যাস কূপের সাইট পরিদর্শন করেন। বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্ত্রী আইনশৃঙ্খলা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
/এমএসএম /








