বর্তমান সরকার ভূমি জোনিং প্রকল্পের মাধ্যমে আবাসন ও শিল্পসহ স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও কৃষি জমি রক্ষায় কাজ করছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। তিনি বলেন, ভূমি জোনিংয়ের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশে কক্সবাজারে ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার বিয়াম ফাউন্ডেশনে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় ‘ভূমি জোনিং’ পর্যায়ের এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
শমিসুর রহমান বলেন, ভূমি রক্ষার জন্য দেশের সব উপজেলায় ভূমি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ভূমি জোনিংয়ের মাধ্যমে দেশের নদী-নালা, খাল বিলকে উন্নয়নের ক্ষেত্র হিসেবে কাজে লাগানো হবে।
এ সময় ৫০ বছর আগের ভরাট হওয়া নদী ও খালকে শ্রেণি পরিবর্তন করতে সরকারি কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
চট্টগ্রাম বিভাগীয় ভূমি কমিশনার (ভারপ্রাপ্ত) শংকর রঞ্জন সাহার সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন- ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, জাতীয় ভূমি জোনিংয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. কফিল উদ্দিন, ভূমি উন্নয়ন সচিব আবুয়ার হোসেন ও কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রমুখ।
/এসএনএইচ/








