পাটুরিয়া ফেরিঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ ও ভোগান্তি কমছে।অপেক্ষমান যানবাহনের লাইনও নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। সোমবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত খোঁজ নিয়ে জানা গেছে, ঘাটে ও সড়কে যানবাহনের জট নেই।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ফেরি সেক্টরের ওই কর্মকর্তা জানান, ‘গত প্রায় এক সপ্তাহ ধরে এই ফেরিঘাটে যানবাহন আর যাত্রীদের ভিড় ছিল মাত্রারিক্ত। সবগুলো ফেরি অব্যাহত সার্ভিসে রেখেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল না ।’
তিনি বলেন, ‘সোমবার সকাল থেকে পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে। সব গাড়ি এখন রানিং আছে। ঘাটে আসা মাত্রই গাড়িগুলো ফেরিতে ওঠার সুযোগ পাচ্ছে।ফেরিপারের জন্য এখন আর ঘন্টার পর ঘন্টা ঘাটে অপেক্ষায় থাকতে হচ্ছেনা।’
মহিউদ্দিন রাসেল আরও জানান,‘গত ৪/৫দিন যে হারে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল, এখন তা স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে।’
এপিএইচ/







