গাজীপুর সিটি করপোরেশনের দেশী পাড়া এলাকা থেকে শিশু গৃহকর্মী জান্নাতকে নির্যাতনের অভিযোগে তার গৃহকর্তা ওমর ফারুককে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ। এ ঘটনায় অপর নির্যাতনকারী মনি বেগম পালিয়ে গেছেন।এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে জয়দেবপুর থানায় মামলা করেছেন গৃহকর্মীর প্রতিবেশী শাহজাহান মিয়া।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, ‘জান্নাত (৯) চাঁদপুরের হাইমচর উপজেলার বাংলাবাজার বেড়িবাঁধ এলাকার মিন্টু মাতব্বরের মেয়ে। তার বাবা মিন্টু মাতব্বর কয়েক বছর আগে স্ত্রী ও পাঁচ সন্তানকে ছেড়ে পরিবার থেকে উধাও হয়ে যান। বছরখানেক আগে খালাতো ভাই মোস্তফা সরদার জান্নাতকে গাজীপুরের জয়দেবপুর থানাধীন দেশীপাড়া এলাকায় ওমর ফারুক-মনি বেগম দম্পতির বাড়িতে নিয়ে গৃহকর্মীর কাজ দেন।’
জান্নাত সাংবাদিকদের জানায়, ঈদের কয়েকদিন আগে বাড়িতে বেড়াতে যেতে চাইলে ওমর ফারুক ও মনি বেগম তাকে মারধর করেন। এর ক’দিন পর আবার বাড়ি যাওয়ার কথা বললে তার মাথা টাইলসের সাথে ঠুকে দেন এবং শরীরে গরম খুন্তি দিয়ে মারধর করেন। পরে বুধবার রাতে তার খালাতো ভাই মোস্তফা সরদার তাকে গ্রামের বাড়িতে নিয়ে যান।
এরপর জান্নাতের মা হাইমচর থানায় ওমর ফারুক, মনি বেগম ও মোস্তফা সরদারকে আসামি করে মামলা দায়ের করেন। পরদিন বৃহস্পতিবার মোস্তফাকে আটক করা হয় বলে জানান হাইমচর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন।
বৃহস্পতিবার রাত ৮টায় ওমর ফারুককে গাজীপুর সিটি করপোরেশনের দেশী পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফারুকের স্ত্রী মনি বেগম পালিয়ে যান। ওমর ফারুক ঢাকায় সিভিল এভিয়েশনে এবং মনি বেগম স্থানীয় একটি স্কুলে চাকরি করেন।
এপিএইচ/







