কক্সবাজার শহরে শাহ আলম (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার হালিমা পাড়া থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।কক্সবাজার সদর থানার এসআই মো. মাঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শাহ আলম (২৮)টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার পুরাতন পাড়া আনসার হোসেনের ছেলে। তিনি একাধিক মামলার পলাতক আসামি ছিলেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে এসআই মাঈনুদ্দিন বলেন, ‘শনিবার দুপুরে শাহ আলম চট্টগ্রাম থেকে তার বোন রুবি আক্তারকে নিয়ে কক্সবাজারে আসেন। পরে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে ৪/৫ জন অজ্ঞাত দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়। রুবি আক্তার বিষয়টি ফোনে ভাই জাহেদ হোসেনকে জানান। এরপর জাহেদ শাহ আলমের অপহৃত হওয়ার খবর পুলিশকে অবহিত করেন।
পুলিশ সন্ধ্যার দিকে কক্সবাজার শহরের পাহাড়তলীর হালিমা পাড়ায় রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় শাহ আলমের মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, নিহত শাহ আলম ২/১ বছর আগে কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় বসবাস করতেন। সে সময় এলাকার নুরুল আলম ওরফে নুরুর হাতের কব্জি কেটে নিয়েছিল দুর্বৃত্তরা। শাহ আলম ছিলেন সেই মামলার চার্জশিটভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে কক্সবাজার সদর থানায় সাতটিরও বেশি মামলা রয়েছে। রামুর ঈদগড়-ঈদগাঁও সড়কের পাহাড়ী এলাকায় সন্ত্রাসীদের দু’গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত সন্ত্রাসী সহোদর সিফাত-আরাফাত বাহিনীর সদস্য ছিলেন এই শাহ আলম ।
কক্সবাজার সদর হাসপাতালের জরুরীরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, ‘শনিবার সন্ধ্যার দিকে শাহ আলমকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। নিহতের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।’
শাহ আলমের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।
এপিএইচ/








