জয়পুরহাট শহরের প্রফেসারপাড়া এলাকায় নিজ বাসা থেকে জয়পুরহাট জেলা জামায়াতের সাবেক আমির রেজাউল করিম মন্টুকে গ্রেফতার করেছে জয়পুরহাট থানা পুলিশ। শুক্রবার রাত পৌনে ন’টায় তাকে গ্রেফতার করা হয়েছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, ২০১৫ সালের ৮ জানুয়ারি জয়পুরহাট-বগুড়া সড়কের জয়পুরহাট সদরের হিচমি এলাকায় আলুর ট্রাক পোড়ানোর মামলায় (ট্রাক নম্বর-যশোর-ড-১১-০৬৪২) রেজাউল করিম মন্টুকে গ্রেফতার করা হয়েছে। ট্রাক পোড়ানোর ওই ঘটনায় ওই সময় ৪৫-৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে জয়পুরহাট সদর থানায় মামলা করেছিলেন ট্রাকচালক হেলাল উদ্দিন।
জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রেজাউল করিম মন্টুর বিরুদ্ধে মামলা রয়েছে। যার মামলা নং ৭২। মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মামলাটি তদন্ত করছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান, শুক্রবার রাতে রেজাউল করিম মন্টুকে নাশকতার মামলায় গ্রেফতারের পর শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার উপ-পরিচালক মো. হেলাল উদ্দিন শনিবার বিকেল চারটায় মোবাইলফোনে বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে রেজাউল করিম মন্টুর বিরুদ্ধে। গত বছরের ১৮ অক্টোবর তার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা হয়েছে। প্রাথমিক তদন্তে মামলাটির সত্যতা পাওয়া গেলেও এটি তদন্তাধীন রয়েছে।’ শিগগিরই তদন্ত সম্পন্ন করে ট্রাইব্যুনালে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলেও তিনি জানান।
/এমএনএইচ/








