১০ হাজার টাকার বিনিময়ে মুফতি হান্নানকে ছিনিয়ে নিতে ককটেল নিক্ষেপ!

গাজীপুর প্রতিনিধি
০৭ মার্চ ২০১৭, ০০:০৯আপডেট : ০৭ মার্চ ২০১৭, ০০:০৯

মুফতি হান্নান মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানকে ছিনিয়ে নিতে গাজীপুরের টঙ্গীতে প্রিজন ভ্যানকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছিল দুর্বৃত্তরা। সোমবার (৬ মার্চ) বিকালে টঙ্গীর কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ ঘটনায় আটক মোস্তফা (২৪) প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে এ তথ্য দিয়েছে। বাংলা ট্রিবিউনকে খবরটি নিশ্চিত করেছেন টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার।

মোস্তফাকে টঙ্গী মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তার কাছ থেকে একটি তাজা হ্যান্ড গ্রেনেড, চারটি ককটেল, দুটি পেট্রোল বোমা, দুটি চাপাতিসহ বেশকিছু বিস্ফোরক দ্রব্য ও নগদ সাড়ে ৭ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। সে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার পাগলী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। পুলিশের কাছে সে নিজের নাম মোস্তফা বলে উল্লেখ করেছে। সেই সঙ্গে মুফতি হান্নানকে বহনকারী প্রিজন ভ্যানে ককটেল নিক্ষেপের বিনিময়ে ১০ হাজার টাকা পেয়েছে বলেও স্বীকার করে সে। 

গাজীপুর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মো. হাফিজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার বিকালে তার নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর কলেজ গেট এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় ঢাকার আদালত থেকে পুলিশ প্রহরায় প্রিজন ভ্যানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। একজন ইন্সপেক্টরের নেতৃত্বে পুলিশের পাঁচ সদস্য একটি পিকআপ ভ্যান নিয়ে ওই প্রিজন ভ্যানকে নিরাপত্তা দিচ্ছিলেন।

বিকাল সাড়ে ৫টার দিকে ওই এলাকায় পৌঁছালে মুফতি হান্নানকে ছিনিয়ে নিতে কয়েকজন দুর্বৃত্ত প্রিজন ভ্যানকে লক্ষ্য করে পরপর কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি ককটেল সড়কে পড়ে বিস্ফোরিত হয়। আরেকটি ককটেল লক্ষ্যভ্রষ্ট হয়ে পুলিশের পিকআপ আরোহী এক কনস্টেবলের গায়ে লেগে গাড়িতে পড়ে। কিন্তু সেটা বিস্ফোরিত হয়নি।

ব্যস্ততম এলাকায় হঠাৎ বোমা বিস্ফোরণের শব্দে স্থানীয়রা দিগ্বিদিক ছুটোছুটি শুরু করে। এ সময় ট্রাফিক বিভাগের ইন্সপেক্টরের নেতৃত্বে পুলিশ সদস্যরা ধাওয়া করে ককটেল নিক্ষেপকারীদের মধ্য থেকে মোস্তফাকে দুটি ব্যাগসহ (একটি ব্যাক প্যাক, অন্যটি ল্যাপটপের) আটক করে। তখন অন্য দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে কেউ আহত হয়নি।

ঘটনাস্থলের পাশে শিল্প পুলিশের একটি ফাঁড়ি রয়েছে। সেখান থেকে পুলিশের বেশ কয়েকজন সদস্য ট্রাফিক পুলিশের সহায়তায় এগিয়ে আসে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত দুটি ককটেলের আলামত ও পুলিশের পিকআপ ভ্যান থেকে অবিস্ফোরিত অবস্থায় একটি ককটেল উদ্ধার করেছেন তারা।

পরে অতিরিক্ত পুলিশের প্রহরায় আসামির প্রিজন ভ্যানটি কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর থেকে ব্যস্ততম টঙ্গীর কলেজ গেট এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সেখানে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ প্রসঙ্গে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, প্রিজন ভ্যানে বোমা হামলার বিষয়টি পুলিশ সন্ধ্যা ৭টা পর্যন্ত কারা কর্তৃপক্ষকে অবহিত করেনি। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুফতি হান্নান ২০১৩ সাল থেকে এ কারাগারে বন্দি আছে। তবে হাজিরা দেওয়ার জন্য এ কারাগার থেকে দেশের বিভিন্ন আদালতে নেওয়া হয় তাকে।

সোমবার আদালতে হাজিরার জন্য কয়েক জঙ্গিকে একাধিক প্রিজন ভ্যানে সকালে এ কারাগার থেকে ঢাকায় নেওয়া হয়। মুফতি হান্নানকেও কড়া পুলিশ প্রহরায় একটি ভ্যানের মাধ্যমে পাঠানো হয়েছিল। আদালতের কাজ শেষে সোমবার তারা পুনরায় পুলিশ প্রহরায় কারাগারে ফিরে আসে। মুফতি হান্নানকে নিয়ে প্রিজন ভ্যানটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে পৌঁছায়।

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম