খুলনায় পৃথক তিন অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই জলদস্যু ও সাত আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (১০ মার্চ) র্যাব-৬ এর সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘সুন্দরবনের হারবাড়িয়া থেকে দুইটি অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলিসহ জলদস্যু বেল্লাল শেখ ও খালেক শেখকে গ্রেফতার করা হয়েছে। এরা জেলে, কাকড়া ও গোলপাতা ব্যবসায়ীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে থাকে। এদের বিরুদ্ধে বাগেরহাটের রামপাল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।’
তার দাবি, ‘খুলনার ইয়ং বয়েজ ক্লাব থেকে ৬ ডাকাতকে গ্রেফতার ও দুই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। এরা ডিবি পুলিশ পরিচয়ে ওই ব্যবসায়ীদের মটরসাইকেল, ক্রেডিট কার্ড ও সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। এরা হলো মোঃ বাবুল শেখ (৪৮), মোঃ শেখ জাহান আলী (৩৯), মোঃ খলিল (২৫), মোঃ অলিয়ার শেখ (২৭), কাজী মোঃ নয়ন (২৫) ও মোঃ সোহাগ (৩০)।’
তিনি আরও বলেন, ‘ডাকাতদের কাছ থেকে একটি মোটরসাইকেল, গাড়ির কাগজপত্র, ৪৩ হাজার টাকা, ডাচ বাংলা ব্যাংকের একটি ক্রেডিট কার্ড ও ৩০০ টাকার তিনটি স্ট্যাম্প জব্ধ করা হয়েছে। এদের বিরুদ্ধে মহানগরীর সদর থানায় মামলা হয়েছে।’
রফিকুল ইসলামের দেয়া তথ্যমতে, ‘বটিয়াঘাটা থেকে লুট হওয়া বন্দুকসহ শারমিন বেগম (২৬) নামের এক নারীকেও গ্রেফতার হয়েছে। তাকে বটিয়াঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এমএ/








