বিএনপি সরকারের আমলে যশোর অবহেলিত ছিল বলে মন্তব্য করেছেন যশোর-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি বলেছেন, ‘সারাদেশে উন্নয়নের যে জোয়ার বইছে, তা থেকে যশোর আলাদা নয়। উন্নয়নের ছোঁয়া লেগেছে যশোরেও। তাই সদরের বিভিন্ন কাঁচা রাস্তা পাকাকরণের কাজ চলছে। আগামীতেও এ রকম উন্নয়নমূলক কাজ হবে।’
বৃহস্পতিবার (৮ জুন) বিকালে যশোর সদরের বাউলিয়া বাজার থেকে দাইতলা পর্যন্ত সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
কাজী নাবিল আহমেদ বলেন, ‘বিগত সরকারের আমলে যশোর অবহেলিত ছিল। এখন আর তা নেই। আপনারা আমার কাছে যশোরের রাস্তাঘাট সংস্কার, স্কুল-কলেজ নির্মাণসহ খেলার মাঠ উন্নয়নের নানান দাবি নিয়ে আসছেন বলে আমি খুবই খুশি; এটা আমার জীবনের প্রাপ্তি।’
যশোরের মানুষের সান্নিধ্য ও আতিথেয়তার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘সংসদ সদস্য হওয়ার আগেও আমি আপনাদের এলাকায় বহুবার এসেছি। আপনাদের সঙ্গে সময় কাটিয়েছি, খাবার গ্রহণ করেছি। আপনাদের আতিথেয়তা আমার জীবনের অনেক বড় অর্জন।’
দেশের নানান উন্নয়নের উদাহরণ টেনে তিনি আরও বলেন, ‘সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তবে উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে চাইছে জঙ্গি ও সাম্প্রদায়িক শক্তিগুলো। এদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আন্তর্জাতিক সব চাপ উপেক্ষা করে এগিয়ে চলেছি। এরই ধারাবাহিকতায় শিক্ষা, স্বাস্থ্য, মাতৃমৃত্যু হার রোধ এবং নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর নির্মাণ কাজ করতে পারছি। এটিকে বাধাগ্রস্ত করতে নানা অপতৎপরতা চলছে। এক্ষেত্রেও দলের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বিভাজন ভুলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে যশোরের ৬টি আসনে আওয়ামী লীগ যাতে বিপুল ভোটে পাশ করতে পারে, সেদিকে সকলের নজর রাখতে হবে।’
ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই পথসভায় সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ সোহরাব হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুর ইসলাম মিলন, জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুস সবুর হেলাল, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিন্টু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লুৎফুল কবীর বিজু, আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক, ইব্রাহিম হোসেন বাবু, জহুর আলী, যুবলীগ নেতা টিপু সুলতানসহ অনেকে।
এর আগে কাজী নাবিল আহমেদ বৃহত্তর যশোর উন্নয়ন প্রকল্পের অধীনে প্রায় ৫৮ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজের উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি)অর্থায়নে রাস্তা পাকাকরণের এই কাজ হচ্ছে। আগামী ১২ অক্টোবর নাগাদ কাজটি শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রাস্তা পাকাকরণের কাজের উদ্বোধনের পর কাজী নাবিল আহমেদ যশোর সদর উপজেলা ও শহর যুবলীগের উদ্যোগে মণিহার মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
/এমএ/








