কুষ্টিয়ার ভেড়ামারায় ‘অপারেশন টেপিড পাঞ্চে’ আটক হওয়া তিন নারী জঙ্গিকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (৩ জুলাই) দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক এমএম মোর্শেদ এ আদেশ দেন। কোর্ট ইন্সপেক্টর মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মনিরুজ্জামান জানান, ভোড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) আননুর যায়েদ তিন নারী জঙ্গিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত নারী জঙ্গিরা হলো- নব্য জেএমবির বর্তমান আমির আইয়ুব বাচ্চু ওরফে সজীবের স্ত্রী আশরাদী জাহান তিথি ও একই সংগঠনের সেকেন্ড ইন কমান্ড তালহার স্ত্রী সুমাইয়া এবং ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর এলাকার আরমানের স্ত্রী টলি বেগম।
আদালত সূত্রে জানা গেছে, রবিবার রাতে ওই তিন নারী জঙ্গির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ভেড়ামারা থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান এ মামলা করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার জানান, তিন নারী জঙ্গির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। বাড়ির মালিককে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাকে নারী জঙ্গিদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া তালতলা এলাকায় ‘অপারেশন টেপিড পাঞ্চ’ নামের অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশ। ২২ ঘণ্টার যৌথ অভিযান শনিবার রাত সাড়ে নয়টায় সমাপ্ত ঘোষণা করা হয়। এর আগে ওই বাড়ি থেকে তিন নারী জঙ্গিসহ দুই শিশুকে থানায় নেওয়া হয়। পরে বাড়ির মালিক নাসিমাকে থানায় নেওয়া হয়।
/এমএ/








