জঙ্গি আস্তানার খোঁজ, তালিকাভূক্তি আসাসি ও নৌ ডাকাত গ্রেফতারে গাইবান্ধার সাঘাটা উপজেলার দুর্গম চরে তৃতীয় দিন ‘ব্লক রেইড’ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা। শনিবার (৮ জুলাই) ভোর পাঁচটা থেকে সাঘাটা উপজেলার দিঘলকান্দির চরসহ বেশকিছু চরে এ অভিযান শুরু হয়।
গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. মইনুল হকের নেতৃত্বে অভিযানে জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ, সাঘাটা থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের ৫০ জন সদস্য অংশ নিয়েছেন।
মইনুল হক বলেন, ‘জঙ্গি আস্তানার সন্ধান ও তালিকাভূক্ত মামলার আসামি গ্রেফতার এবং নৌ-ডাকাতি প্রতিরোধে চরাঞ্চলে এ অভিযান পরিচালিত হচ্ছে।’
সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. আসাদুজ্জামান রিংকু বলেন, ‘এ অভিযান অব্যাহত থাকবে। এরপর সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলে অভিযান চালানো হবে।’
এর আগে, গত মঙ্গলবার সদর উপজেলার মোল্লারচর ও কামারজানি ইউনিয়নের বিভিন্ন চর ও বুধবার ফুলছড়ি উপজেলার বিভিন্ন চরে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা। অভিযানে সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের সিধাইল চরের মৃত্যু বাচ্চু মিয়ার ছেলে আইয়ুব আলী ওরফে শুকুর (২৮) নামে এক ডাকাতকে আটক করা হয়। তবে সাঘাটা উপজেলায় অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া দুই উপজেলার অভিযানে জঙ্গি আস্তানা বা কোনও জঙ্গির সন্ধানও পায়নি পুলিশ।
/এসএমএ/








