পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘মানুষের মুখে হাসি ফোটাতে পারলে মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদের আত্মা শান্তি পাবে। আর তা না করতে পারলে শহীদদের কাছে আমরা ঋণী থেকে যাবো। আওয়ামী লীগ ভালো কাজ করলে বঙ্গবন্ধুর আত্মাও শান্তি পাবে।’
শনিবার (৮ জুলাই) বিকালে কুমিল্লার বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বরুড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশের সব মানুষের একটি করে স্বপ্ন আছে। এখানে কোনও আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি নেই। মানুষেরই এ স্বপ্ন পূরণে কাজ করছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে দেশ।’
তিনি আরও বলেন, ‘মানুষের জীবনে যেমন পরিবর্তনের সময় আসে, ঠিক তেমনি পরিবর্তনের সময় এসেছে বাংলাদেশের। বাংলাদেশ বীরের জাতি। এদেশ হারতে জানে না। দেশের সব ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি ক্রিকেটের হাত ধরেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা গ্রামে গ্রামে যাবেন এবং শেখ হাসিনার সালাম পৌঁছে দেবেন। মানুষকে সে সালাম গ্রহণের কথা বলবেন। সাধারণ মানুষকে বলবেন, শেখ হাসিনার জন্য দোয়া করতে, আওয়ামী লীগের জন্য দোয়া করতে।’
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘২০১৪ সালে দেশে অরাজকতার সৃষ্টি করেছিল বিএনপি-জামায়াত। তারা মানুষ হত্যা করে, ট্রেনে আগুন দিয়ে ধ্বংসাত্মক ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছে। যারা বেগম জিয়ার সঙ্গী, তারাই জঙ্গি। আওয়ামী লীগের আমলে দেশের অনেক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। খাম্বা দুর্নীতি করে কোটি কোটি টাকা লুটপাট করেছে তারেক রহমান।’
উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক মিয়াজী, আওয়ামী লীগ নেতা পার্থ সারথী দত্ত, বাহাদুরুজ্জামান বাহাদুর, আবদুর রশিদসহ অনেকে।
/এমএ/








