তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল হবে কিনা, এ ব্যাপারে আগস্টের প্রথম সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার বিকালে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ভূমি রেজিস্ট্রার অফিসারদের দু’মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় ষোড়শ সংশোধনী নিয়ে সংসদ সদস্যরা আইন ভঙ্গ করেছেন, সুশীল সমাজের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, ‘তাদের এই ধারণা সঠিক নয়। কারণ, দেশের ভালো-মন্দ নিয়ে আলাপ আলোচনা করার অধিকার ও স্বাধীনতা সংসদে প্রত্যেক এমপি’র রয়েছে। রুলস অব প্রসিডিউর পড়লে বোঝা যাবে- সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদে আলোচনা করার অধিকার ও সুযোগ সংসদ সদস্যদের আছে। আর সেই অনুপাতেই তারা আলোচনা করেছেন এবং তা সুষ্ঠুভাবেই করেছেন।’
এর আগে প্রধান অতিথি হিসেবে বুনিয়াদী প্রশিক্ষণে বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক। এসময় তিনি ভূমি রেজিস্ট্রারদের উদ্দেশ্যে বলেন, দেশের ভূমি রেজিস্ট্রার অফিসগুলোকে পরিদফতর থেকে অধিদফতরের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। একইসঙ্গে আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে অফিসারদের বিদেশে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার বলেও জানান মন্ত্রী।
পরে মন্ত্রী দু’মাসব্যাপী এই বুনিয়াদী প্রশিক্ষণের ৩০ জন ভূমি রেজিস্ট্রার অফিসাদের মাঝে সনদ বিতরণ করেন।
বিপিএটিসি এর রেক্টর ড. আসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ সেকেন্দার মো. জহুরুল হক ও ভূমি রেজিস্ট্রেশন অফিসের ইন্সপেক্টর জেনারেল খান মো. আব্দুল মান্নান।
/এপিএইচ/
আরও পড়ুন:







