আশুলিয়া থানার নয়ারহাটের চৌরাপাড়া এলাকার ‘জঙ্গি আস্তানায়’ র্যাব পরিচালিত অপারেশন শেষ হয়েছে। রবিবার (১৬ জুলাই) বিকাল ৪টা ১০ মিনিটের দিকে এ অভিযান শেষ ঘোষণা করা হয়। আশুলিয়ার র্যাব-৪-এর এরিয়া কমান্ডার মেজর আব্দুল হামিদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মেজর আব্দুল হামিদ বলেন, ‘জঙ্গি আস্তানায় তিনটি বোমা পাওয়া গেছে, যা নিষ্ক্রিয়ও করা হয়েছে। ডগ স্কোয়াড দিয়ে আস্তানায় তল্লাশি চালানো হয়েছে। তবে আর কিছু পাওয়া যায়নি। সে কারণেই অভিযান শেষ করা হয়েছে।’
এর আগে, দুপুর ১২টার দিকে জঙ্গি সন্দেহে ঘিরে রাখা বাড়িটির ভেতর থেকে একজন একজন করে ‘জঙ্গি’ বের হতে শুরু করে। বেলা ১টার মধ্যে পর্যায়ক্রমে চারজন বের হয়ে আসে।
ওই সময় র্যাব ৪-এর কোম্পানি কমান্ডার মেজর আবদুল হাকিম বলেন, ‘জঙ্গি আস্তানা থেকে চারজন জঙ্গিকে রক্তপাতহীনভাবে গ্রেফতার করা হয়েছে। বাকি সব তথ্য তাদের জিজ্ঞাসাবাদ শেষে জানানো হবে। কোনও বিস্ফোরক আছে কিনা তাও জানানো হবে।’
বেলা ২টার দিকে ঘটনাস্থলের পাশে প্রেস ব্রিফিং করে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, আস্তানা থেকে গ্রেফতার হওয়া চার জন হলো— মোজাম্মেল, ইরফানুল, রাশেদুল ও আলমগীর। মোজাম্মেল তাদের দলনেতা।
উল্লেখ্য, শনিবার দিনগত রাত ১টার দিকে চৌরাপাড়া এলাকায় আধাপাকা একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে র্যাব। রবিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে বাড়িটির ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। নিরাপত্তার কারণে আশেপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়। ওই সময় পুরো এলাকা ঘেরাও করে রাখে র্যাব।
আরও পড়ুন-
আশুলিয়ায় ‘জঙ্গিদের আত্মসমর্পণ’
চার জঙ্গি সারোয়ার-তামিম গ্রুপের সদস্য: র্যাব
/এমএ/টিআর/








