কুমিল্লার লাকসাম উপজেলার আতাকরা স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে প্রতিষ্ঠানটির এক কর্মচারী ও এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুরে আতাকরা স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এই মানববন্ধন করেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা।
কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, রবিবার সকাল ১১টার দিকে কলেজ এলাকার পাশের রামারবাগ গ্রামের আনোয়ার হোসেন ও তারেকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আতাকরা স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ঢুকে হামলা চালায়। এসময় তারা কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী খোরশেদ আলম চৌধুরীকে অফিস থেকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করে তাকে ক্যাম্পাস থেকে বের করে দেয়। পরে স্থানীয়রা খোরশেদ আলম চৌধুরীকে উদ্ধার করে লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পর ওই দিন বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।
শিক্ষক-শিক্ষার্থীরা আরও জানান, আজ (সোমবার) সকাল ১০টায় আনোয়ার হোসেন ও তারেকরা আবারও কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে ৮ম শ্রেণির ছাত্র সজলকে ক্লাস থেকে বের করে নিয়ে মারধর করে। পরে তাকেও চিকিৎসার জন্য লাকসাম সরকারি হাসপাতালে নেওয়া হয়।
মানববন্ধনে আতাকরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জ্যোৎস্না বেগমসহ প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীরা অংশ নেন। এসময় তারা হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
এদিকে, আতাকরা স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. দেলোয়ার হোসেন ফারুক বলেন, ‘আমি জেনেছি, হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।’
অভিযুক্ত আনোয়ার হোসেন ও তারেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এ ব্যাপারে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.রফিকুল হক বলেন, ‘কলেজের সভাপতি আমাকে বিষয়টি জানিয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
/এমএ/








