গাজীপুর থেকে নারায়ণগঞ্জে যাওয়ার পথে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের মামলার দুই আসামি ট্রাকচালক মেহেদী হাসান রানা ও হেলপার সোহান হোসেন তুহিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রবিবার (৬ আগস্ট) বিকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান ভুইয়ার খাস কামারায় ট্রাকচালক রানা এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের খাস কামরায় হেলপার তুহিন ১৬৪ ধারায় এ জবানবন্দি দেয়। জেলার আদালত পুলিশের (পরির্দশক) মো. সোহেল আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিদর্শক সোহেল আলম জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক অপারেশন মো. নাসির উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে ট্রাকচালক ও হেলপারের জবানবন্দি নেওয়া হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক মো. নাসির উদ্দিন জানান, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর আদালতের নির্দেশে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ১ আগস্ট রাত ১০টার দিকে মায়ের সঙ্গে অভিমান করে গাজীপুর জেলার কাপাসিয়ার মনিপুর এলাকার বাড়ি থেকে বের হয়ে ওই কিশোরী চৌরাস্তা এলাকায় আসে। সে রাস্তা হারিয়ে ফেললে চালক রানা ও হেলপার তুহিন তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ট্রাকে তুলে নেয়। পরে তারা মেয়েটিকে তিন দফায় ধর্ষণ করে। ২ আগস্ট সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের এসিআই এলাকায় ট্রাকের ভেতর মেয়েটির কান্নার শব্দ শুনে লোকজন এগিয়ে আসলে চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও ট্রাক আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যায়। পরে পুলিশ ট্রাকচালক রানা ও হেলপার তুহিনকে গ্রেফতার করে।
/এমএ/








