টানা বর্ষণে হিলিতে আমদানি-রফতানি ব্যাহত, পানিবন্দি হাকিমপুরের ১০ হাজার মানুষ

হিলি প্রতিনিধি
১২ আগস্ট ২০১৭, ১৯:০০আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৯:০৬

টানা বর্ষণে বন্দরের প্রধান সড়কে সৃষ্ট জলাবদ্ধতা (ছবি- প্রতিনিধি)

তিন দিনের টানা বর্ষণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এদিকে, টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলের পানিতে প্লাবিত হয়েছে হিলি স্থলবন্দর ও এর আশেপাশের এলাকা। এতে পানিতে তলিয়ে গেছে হিলি স্থলবন্দরের প্রধান সড়কসহ সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যবসায় ও শিক্ষা প্রতিষ্ঠান। হাকিমপুর পৌরসভা এলাকার চার গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বাসাবাড়িতে পানি প্রবেশ করায় পরিবার-পরিজন নিয়ে এসব এলাকার মানুষদের মানবেতর জীবন কাটাতে হচ্ছে।

বন্দর সূত্রে জানা গেছে, টানা বর্ষণের কারণে হিলি স্থলবন্দরের প্রধান সড়কে পানি উঠে যাওয়ায় শনিবার (১২ আগস্ট) সকাল থেকে বেলা ২টা পর্যন্ত বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ ছিল। পরে বেলা ২টার পর থেকে আমদানি-রফতানি শুরু হয়। তবে বৃষ্টির কারণে বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য ওঠানো-নামানো ব্যাহত হচ্ছে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি মো. হারুন উর রশীদ হারুন জানান, টানা বৃষ্টিপাতের কারণে বন্দরের প্রধান সড়কে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে সকাল থেকে বেলা ২টা পর্যন্ত বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। দুপুর ২টার পর থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি শুরু হয়। তবে সড়কে পানি জমে থাকার কারণে ট্রাকগুলোকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়া বৃষ্টির কারণে আমদানি করা পণ্য বন্দর থেকে খালাস করা যাচ্ছে না। বিশেষ করে, পর্যাপ্ত শেড না থাকায় পেঁয়াজ ও কাঁচামরিচের মতো কাঁচা পণ্য সঠিক সময়ে খালাস করা যাচ্ছে না। বন্দরে যে কয়েকটি শেড রয়েছে, তাতে অল্প সংখ্যক পণ্য লোড-আনলোড করা যাচ্ছে। কিন্তু বৃষ্টির কারণে চালসহ অন্যান্য পণ্য লোড-আনলোড করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে পানিতে পণ্য পঁচে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। এছাড়াও বন্দরের বাইরে আমাদের নিজস্ব গুদামগুলোতে বৃষ্টির পানি ঢুকে যাওয়ায় পেঁয়াজ, খৈল, চালসহ বিভিন্ন আমদানিকৃত পণ্য পঁচে নষ্ট হচ্ছে।

পানিবন্দি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান (ছবি- প্রতিনিধি)

তবে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বৃষ্টিপাতের কারণে বন্দরের সামনের সড়কে জলাবদ্ধতা তৈরি হওয়ায় শনিবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত বন্দরের ভেতরে পণ্যবাহী ট্রাক প্রবেশ করেনি। টানা বৃষ্টিপাতেও বন্দরের ভেতরে কোনও ধরনের জলাবদ্ধতা তৈরি হয়নি। বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য ওঠানো-নামানোসহ সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বন্দরের ভেতরে ছয়টি শেড রয়েছে, যাতে পেঁয়াজ ও কাঁচামরিচের মতো বিভিন্ন কাঁচা পণ্য লোড-আনলোড চলছে। তবে বৃষ্টিপাতের কারণে অন্যান্য পণ্য লোড-আনলোডে কিছুটা সমস্যা হয়।

এদিকে, টানা বর্ষণে সৃষ্ট জলবদ্ধতায় তলিয়ে গেছে বাংলাহিলি পাইলট স্কুল, হাকিমপুর ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ক্লাসরুমে পনি ঢুকে পড়ায় এসব স্কুল-কলেজ ছুটি দেওয়া হয়েছে। বৃষ্টিতে হিলি হাসপাতাল, টিঅ্যান্ডটি অফিসসহ সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস ও স্থাপনা পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়াও পানিবন্দি হয়ে পড়েছে হাকিমপুর পৌরসভার চার গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।

হাকিমপুর ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ জানায়, টানা বর্ষণে হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়কে পানি উঠেছে। এছাড়া বিভিন্ন স্কুল-কলেজ পানি উঠে যাওয়ায় বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। হাকিমপুর ডিগ্রি কলেজ, বাংলাহিলি পাইলট স্কুল ও হিলি হাসপাতাল, এই তিন প্রতিষ্ঠানের একমাত্র সড়কে হাটু পানি জমেছে। এতে হাসপাতালে আসা রোগীদের যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, আবার শিক্ষার্থীদের নাজেহাল হতে হচ্ছে। তাই দুই শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যার পানি নিষ্কাসনের সুষ্ঠু কোনও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছর এমনই দুর্ভোগ পোহাতে হয় বলে অভিযোগ স্থানীয়দের।

পানিবন্দি স্কুল (ছবি- প্রতিনিধি)

হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র মো. জামিল হোসেন চলন্ত বলেন, ‘আমি সরেজমিনে হাকিমপুর পৌরসভার বিভিন্ন পানিবন্দি এলাকা পরিদর্শন করেছি। পৌরসভার পক্ষ থেকে হিলি স্থলবন্দরের সামনে থেকে চারমাথা মোড় হয়ে চন্ডিপুর, কালিগঞ্জ থেকে চারমাথা মোড় পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের কাজ চলছে। আরও কিছু এলাকা ড্রেনেজ ব্যবস্থার আওতায় আনার প্রয়োজন, এগুলোর কাজ সম্পূর্ণ করতে প্রচুর অর্থের প্রয়োজন। এদিকে আমি সরকারের দৃষ্টি কামনা করছি।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম