বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেছেন, ‘যে কোনও দুর্যোগ মোকাবিলায় সক্ষম বর্তমান সরকার। আমাদের খাদ্যের অভাব নেই, নেই টাকার অভাবও। বন্যাদুর্গত এলাকার কোনও মানুষ না খেয়ে থাকবে না, একটা মানুষও বিনা চিকিৎসায় থাকবে না। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে।’
শনিবার (১৯ আগস্ট) দুপুরে জামালপুরের মেলান্দহ উমির উদ্দিন হাইস্কুল প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতাদের ইঙ্গিত করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘একদল মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে খাটো করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু যে যাই করুক-বলুক, আমরা ওসবে কান দেই না। আমাদের কাজ, মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো। তাই বন্যার্তদের কষ্ট দূর না হওয়া পর্যন্ত ত্রাণ তৎপরতা চলবে, অব্যাহত থাকবে পুনর্বাসন কর্মসূচিও।’
অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, ‘সাহসের সঙ্গে সবাই মিলে এই দুর্যোগ মোবাবিলা করতে হবে। আমরা আপনাদের পাশে আছি, সরকার আপনাদের পাশে আছে। আপনাদের কষ্ট দূর করতে সরকার সব করবে।’
জেলা প্রশাসক আহমেদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরীসহ আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মেলান্দহ ও ইসলামপুর উজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করেন।
/এমএ/








