কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনে ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি পোড়াদহ জংশনের ক্রসিং এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে। এ কারণে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পোড়াদহ রেলওয়ের স্টেশনমাস্টার শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্টেশনমাস্টার শরিফুল ইসলাম জানান, রাতে পোড়াদহ স্টেশনে ঢোকার মুহূর্তে খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি অর্ধেক লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে উত্তর ও ঢাকার সঙ্গে সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারে ঈশ্বরদীতে রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। যোগাযোগ স্বাভাবিক হতে সময় লাগবে।








