তিন দিন আগে রাজধানীর পল্টন থেকে অপহৃত হন আইএফআইসি ব্যাংকের করপোরেট কমিউনিকেশন্স ও ব্র্যান্ডিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শামীম আহমেদ। এ নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার। এখনও স্বামীর সন্ধান না পাওয়ায় মুষড়ে পড়েছেন শামীম আহমেদের স্ত্রী। আর তাদের দুই মেয়ের চোখে এখন কেবলই অশ্রু।
শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা রেলস্টেশনের সাহার সিটি এলাকায় অবস্থিত শামীম আহমেদের বাসায় কথা হয় তার পরিবারের সদস্যদের সঙ্গে। কিছুক্ষণ পরপরই শামীম আহমেদের দুই মেয়ে সুমাইয়া আহমেদ সুপ্তি (১৫) ও সুনেরা আহমেদ সেঁজুতি (১২) ফুঁপিয়ে কেঁদে উঠছেন। তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন উপস্থিত স্বজনরা। কিন্তু কোনও সান্ত্বনাই থামাতে পারছে না তাদের কান্না। এদিকে, সামনে থাকা মোবাইল ফোন বেজে উঠলেই শামীম আহমেদের স্ত্রী শিল্পী আহমেদ পড়িমরি করে গিয়ে ধরছেন তার স্বামীর কোনও সন্ধানের সংবাদের আশায়। কিন্তু প্রতিবারই হতাশ হয়ে ফোনটা রাখতে হচ্ছে তাকে।
আত্মীয়দের সঙ্গে কথা বলে জানা গেল, শামীম আহমেদের স্ত্রী শিল্পী আহমেদ স্কুলশিক্ষিকা, পড়ান ফতুল্লা আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে। এই দম্পতির দুই মেয়ের মধ্যে সুপ্তি নারায়ণগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে, আর সেঁজুতি পড়ে একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে।
শিল্পী আহমেদ বলেন, ‘বুধবার (২৩ আগস্ট) দুপুরে আমার স্বামীর মোবাইল ফোনে কল দেয় তার বন্ধু টিটু। দুপুরে তার সঙ্গে খাওয়ার আমন্ত্রণ জানায়। বন্ধুর আমন্ত্রণে শামীম রাজধানীর পুরানা পল্টন এলাকার খান বাসমতি রেস্টুরেন্টের সামনে যায়। রেস্টেুরেন্টে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে একটি হাইয়েস মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। এরপর থেকে তার দুই মোবাইল ফোন বন্ধ। বাসমতি রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে সব রেকর্ড আছে। পল্টন থানা পুলিশ ও টিকাটুলি র্যাব-৩-এর কর্মকর্তারা সেই ফুটেজ সংগ্রহ করেছেন।’
শিল্পী আহমেদ বলেন, ‘তিন দিন হয়ে গেল, কিন্তু কেউ এখনও আমার স্বামীর কোনও খোঁজ দিতে পারলো না। বুধবার রাত থেকে সুপ্তি ঘুমাতে পারছে না। বড় মেয়ে বাবার খুব ভক্ত। অনেক কষ্টে তাকে সামলাতে হচ্ছে। বাবার জন্য মেয়েটা সারাক্ষণ কান্নাকাটি করছে। কখনও বলছে, আমার বাবাকে এনে দাও। আবার কখনও বলছে, চলো, বাবাকে খুঁজে নিয়ে আসি।’
শামীম আহমেদের স্ত্রী আরও বলেন, ‘শামীম অনেক ভালো মানুষ। অফিস থেকে এসে বিভিন্ন ধরনের সামাজিক কাজে সে ব্যস্ত থাকত। তার কোনও শত্রু আছে বলে আমার জানা নেই।’ শামীম আহমেদ এলাকার সাহারা সিটি জামে মসিজিদের সভাপতি ও নারায়ণগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য বলে জানান তিনি। এছাড়া, এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন শামীম।
শিল্পী জানান, শুক্রবার সকাল ও দুপুরে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের সঙ্গে তার কথা হয়েছে। এসআই তাকে জানিয়েছেন, তারা চেষ্টা করছেন। শামীম আহমেদের কোনও খবর পেলেই জানাবেন। কিন্তু এখনও কোনও খবর না পেয়ে চূড়ান্ত হতাশা গ্রাস করেছে তাকে। স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপির হস্তক্ষেপ কামনা করেন শিল্পী আহমেদ।
সুপ্তির সঙ্গে কথা বলতে গেলে সে হাউমাউ করে কান্না জুড়ে দেয়। পরে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলতে থাকে, ‘আমার বাবাকে এনে দিন, প্লিজ। বাবাকে উদ্ধার করতে পুলিশকে বলুন, প্লিজ।’








