সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় দুই গরু ব্যবসায়ীসহ তিন জন নিহত হয়েছেন। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার তালগাছি বাজার এলাকার নগরবাড়ি-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা মো. গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন- শাহজাদপুরের বাতিয়ারপাড়া গ্রামের গরু ব্যবসায়ী সিদ্দিক হোসেন (৪৫), উল্লাপাড়া উপজেলার ডুবডাঙ্গা গ্রামের গরু ব্যবসায়ী ইব্র্রাহীম খলিল (৫০) ও অটোরিকশা চালক মো. জামাল হোসেন (৪২)।
পুলিশ জানায়, গরু বিক্রি করে চট্টগ্রাম থেকে বাসযোগে বাড়ি ফিরছিলেন সিদ্দিক ও খলিল। তালগাছি বাসস্ট্যান্ডে নেমে তারা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। তালগাছি বাজার এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা এক ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইব্র্রাহীম মারা যান। গুরুতর আহত অবস্থায় সিদ্দিককে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ও জামালকে বগুড়ার শজিমেক হাসপাতালে নেওয়ার পথে তারাও মারা যান।
ওসি খাজা মো. গোলাম কিবরিয়া জানান, ট্রাকটিকে এখনও সনাক্ত করা যায়নি।







