মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সের রেস্ট হাউসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত বৈঠকে দু’দেশের সীমান্ত সমস্যার বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয় বলে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
পতাকা বৈঠকে বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আবু সঈদ আল মসউদের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন ৫৮ বিজিবি পরিচালক লে. কর্নেল জিল্লুর রহমান, ৪৭ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আ ন ম নজরুল ইসলাম, ৬ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুহাম্মদ লুৎফুল কবীর (জি) সহ তিন জন স্টাফ অফিসার। আর বিএসএফ দলে নেতৃত্ব দেন ভারতের নদীয়ার কৃষ্ণনগর সেক্টর কমান্ডার শ্রী ভানোয়ার লাল মিনা। বিএসএফ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী রাজিব সুনিল মিনজ, ৮১ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী প্রদীপ কুমার দুবেই, ৯৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী মহেন্দার কুমারসহ তিন জন স্টাফ অফিসার।
পতাকা বৈঠকে সীমান্তে নিরীহ বাংলাদেশি হত্যা বন্ধ, মাদকদ্রব্য পাচার রোধসহ সীমান্ত এলাকায় অপরাধ রোধে সীমান্তের ১৫০ গজের মধ্যে ৩ ফুটের বেশি উচ্চতার কোনও ফসলাদি না লাগানো এবং তারকাটা বেড়া কাটাসহ সীমান্তের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের ব্যাপারে আলোচনা হয়।








