চুয়াডাঙ্গার সদর উপজেলার খাসপাড়া মাঠের বিল এলাকা থেকে রিপন (২৮) নামে এক যুবলীগকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১ অক্টোবর) দিবাগত গভীর রাতে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন নারীকে আটক করেছে পুলিশ। তিতুদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) লিটন গাজী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
আটক তিন নারী হলেন রিপনের প্রতিবেশী মহিনের মা মর্জিনা খাতুন (৪৫), স্ত্রী মৌসুমী খাতুন (২৪) ও ছোট ভাইয়ের স্ত্রী শান্তা খাতুন (২০)। মহিনের স্ত্রীর সঙ্গে নিহত রিপনের বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, রবিবার দিবাগত রাত ১২টার দিকে মাছ ব্যবসায়ী ও যুবলীগকর্মী রিপন স্থানীয় দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথে প্রতিবেশী মহিন ও তার অনুসারীরা তাকে ধরে বিলের ধারে নিয়ে যায়। সেখানেই রিপনকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর তার লাশ গুম করার জন্য বিলের পানিতে জাগ দিয়ে রাখা পাটের নিচে রেখে চলে যায়।
রিপন বাড়ি না ফেরায় আজ সোমবার (২ অক্টোবর) ভোর থেকেই তার সন্ধান করতে থাকেন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে বিলের ধারে লাঠি ও রক্তমাখা দেশীয় অস্ত্র দেখে সন্দেহ হলে জাগ দেওয়া পাটের নিচে খোঁজাখুঁজি করে রিপনের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে তিতুদহ ক্যাম্প থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক, সদর থানার ওসি (অপারেশন) আমির আব্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পর থেকেই মহিন ও তার বাবা শামসুদ্দিন পলাতক আছেন। তবে মহিনের মা, স্ত্রী ও ছোট ভাইয়ের স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
মহিনের স্ত্রীর সঙ্গে রিপনের বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে পারিবারিক কলহের জের ধরে প্রতিবেশী মহিনসহ তার অনুসারীরা রিপনকে হত্যা করেছেন বলে দাবি করেছেন নিহত রিপনের বাবা মোতালেব হোসেন।
তিতুদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই লিটন গাজী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মহিনের স্ত্রীর সঙ্গে রিপনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে জানা গেছে। তার জের ধরেই রিপনকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় মহিনের পরিবারের তিন জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা জানা যাবে।’ রিপনের মরদেহ সকাল ১০টায় ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।
আরও পড়ুন-
খামার করে ক্ষুধামুক্ত শিবপুরবাসী
অগ্রগতি নেই মজু চৌধুরীর হাট নৌ-বন্দরের নির্মাণকাজে
মহাদেবপুর উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার








