দীর্ঘ ২০ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ। শনিবার (১৪ অক্টোবর) ৫১ সদস্য বিশিষ্ট দক্ষিণ জেলা ছাত্রলীগের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। এ কমিটিতে এসএম বোরহান উদ্দিনকে সভাপতি এবং আবু তাহেরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এসএম বোরহান উদ্দিন নতুন কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন বলেন, ‘শনিবার (১৪ অক্টোবর) কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ভাই ও এসএম জাকির হোসাইন ভাই নতুন কমিটির অনুমোদন দেন। ঘোষণাপত্রে নতুন কমিটি আগামী একবছর দায়িত্ব পালন করবে বলে উল্লেখ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘সভাপতি-সাধারণ সম্পাদকের বাইরে নতুন কমিটিতে ২৩ জনকে সহ সভাপতি, ৯ জন করে যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, একজন করে সহ-সম্পাদক, প্রচার সম্পাদক, উপ-প্রচার সম্পাদক, দফতর সম্পাদক, উপ-দফতর সম্পাদক, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং দুই জনকে উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক করা হয়েছে।’
এদিকে, কমিটি ঘোষণার পর রবিবার বিকালে নগরীর প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ করেছেন পদবঞ্চিতরা। এসময় তারা ওই এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবোরধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রসঙ্গত, সর্বশেষ ১৯৯৮ সালে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই সময় আব্দুল কাদের সুজনকে সভাপতি এবং আ ম ম টিপু চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়। এরপর বেশ কয়েক দফায় চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা যায়নি। ২০০৩ সালে মো. ফারুক ও ২০১১ সালে আব্দুল মালেক জনিকে আহ্বায়ক করে দু’টি আংশিক কমিটি ঘোষণা করা হয়।








