এশিয়ান হাইওয়ে বাইপাসে সংস্কার: বিকল্প সড়কে দীর্ঘ যানজট, দুর্ভোগ চরমে

আমির হুসাইন স্মিথ, নারায়ণগঞ্জ
২৪ অক্টোবর ২০১৭, ২০:১৬আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ২০:২৮

কাঞ্চন সেতুতে সংস্কার কাজ চলায় আশপাশের সড়কগুলোতে ছড়িয়ে পড়েছে তীব্র যানজট ঢাকা-গাজীপুর-মদনপুর (এশিয়ান হাইওয়ে বাইপাস) সড়কে চলছে শীতলক্ষ্যা নদীর ওপরে কাঞ্চন সেতুর এক্সপানশন জয়েন্ট প্রতিস্থাপনের কাজ। একইসঙ্গে চলছে সেতুর মেরামত কাজ। ফলে সেখানে বন্ধ রয়েছে যানবাহন চলাচল। এর চাপ গিয়ে পড়েছে আশপাশের বিকল্প সড়কগুলোতে। এসব সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে যানবাহন। এ কারণে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ডেমরা-কালীগঞ্জ সড়ক, কাঞ্চন-রূপসী সড়ক ও মুড়াপাড়া-ভুলতা সড়কের বিভিন্ন স্থানে এবং রূপগঞ্জ-মুড়াপাড়া ফেরীঘাটের উভয় দিকেই দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি।
ব্রাহ্মণবাড়িয়ার দিকে রওনা দেওয়া ট্রাকের চালক মোজাম্মেল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সেতু মেরামত কাজের জন্য সেতুতে যানবাহন চলাচল বন্ধ থাকবে এটা জানা ছিল। এখন বিকল্প রাস্তায় এসেও বিপদে পড়েছি। সকাল ১০টা থেকে যানজটে আটকে আছি। বিকাল ৩টায়ও এই রাস্তা পার হতে পারিনি।’
নরসিংদীগামী প্রাইভেট কারের যাত্রী সালাউদ্দিন বলেন, ‘মেরামতের জন্য সেতু বন্ধের বিজ্ঞপ্তি ভালোভাবে প্রচার করা হয়নি। আগে থেকে বিষয়টি জানতে পারলে এই সড়কে আসতাম না।’
সড়ক ও জনপথ সূত্রে জানা গেছে, গাজীপুর-মদনপুর বাইপাস সড়কে কাঞ্চন সেতুর এক্সপানশন জয়েন্ট প্রতিস্থাপন কাজের জন্য ১৪ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত এক লেনে এবং ২০ অক্টোবর রাত থেকে ২২ অক্টোবর রাত পর্যন্ত দুই লেনেই যানচলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল। সে অনুযায়ী কাজ শুরু হলেও স্থল নিম্নচাপের প্রভাবে ১৯ অক্টোবর থেকে ২১ অক্টোবরের টানা বৃষ্টিপাতের কারণে কাজ পুরোপুরি বন্ধ থাকে। ফলে নতুন বিজ্ঞপ্তি জারি করে ২৩ অক্টোবর রাত থেকে সেতুর দুই লেনই বন্ধ করে মেরামতের কাজ শুরু করে সড়ক অধিদফতর। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত এই সড়কের দুই লেনই ব্ন্ধ থাকবে।
এ পরিস্থিতিতে মঙ্গলবার সকাল থেকে দূরপাল্লার বিভিন্ন মালবাহী ও যাত্রীবাহী যানবাহন উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়ক দিয়ে যাতায়াত শুরু করে। এতে করে উপজেলার ডেমরা-কালীগঞ্জ সড়ক, কাঞ্চন-রূপসী সড়ক ও মুড়াপাড়া-ভুলতা সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘ যানজট তৈরি হয়।
সেতুর সংস্কার কাজ চলায় ছোট সড়কগুলোতে যানবাহনের দীর্ঘ সারি; ডেমরা-কালীগঞ্জ সড়কের হাবিবনগর এলাকা থেকে তোলা ছবি এ অবস্থায় নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদফতর বিকল্প সড়ক হিসেবে পণ্যবাহী যানবাহনকে মীরেরবাজার-কালীগঞ্জ-ঘোড়াশাল-পাচঁদোনা-ভুলতা সড়ক এবং ব্যক্তিগত ও ছোট যানবাহনকে কাঞ্চন সেতু অ্যাপ্রোচ দেবগ্রাম-রূপগঞ্জ ও ফেরীঘাট-ভুলতা সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করেছে।
এ বিষয়ে জানতে চাইলে কাঞ্চন সেতুর টোল প্লাজার প্রকল্প পরিচালক কারিবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কয়েকমাস ধরে কাঞ্চন সেতুর এক্সপানশন জয়েন্টগুলোর অবস্থা একেবারেই নাজুক হয়ে পড়েছে। এছাড়া সেতুর সড়কের বিভিন্ন স্থানে পিচ ঢালাই ও ইট-সুরকি-খোয়া উঠে গিয়ে বড় বড় গর্ত হয়েছে। ফলে এই রাস্তা যানচলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণেই মেরামতের কাজ জরুরি হয়ে পড়েছিল। তাতে দূরপাল্লার যানবাহনের কিছুটা সমস্যা হচ্ছে। আশা করি, শিগগিরই এই সমস্যার সমাধান হবে।’
সড়ক পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ গণসংযোগ কর্মকর্তা আবু নাছের বাংলা ট্রিবিউনের কাছে সেতু মেরামতের কাজের জন্য সৃষ্ট সমস্যায় দুঃখপ্রকাশ করেন। তিনি বলেন, ‘সেতুর মেরামত কাজের জন্য সাময়িক অসুবিধা হচ্ছে, সে কারণে আমরা দুঃখিত। তবে সেতুটি মেরামত করা খুবই জরুরি হয়ে পড়েছিল। আমরা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছি। আশা করি, শিগগিরই মেরামত কাজ শেষে সেতু সম্পূর্ণভাবে খুলে দিতে পারব।’
এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদফতরের নারায়ণগঞ্জ নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আলিউল হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি মোবাইল ফোনে বলেন, ‘বৃষ্টিপাতের জন্য তিন দিন কাজ বন্ধ থাকায় কাঞ্চন সেতুর প্রথম দফার যথাসময়ে শেষ করা সম্ভব হয়নি। আশা করছি, ২৬ অক্টোবরের মধ্যে কাজ শেষ করা যাবে। ওইদিন রাত ১২টার পরই সেতু খুলে দেওয়া হবে।’
যে সময়ে যানবাহনের চাপ সড়কে কম থাকে, আগামী সপ্তাহের সে সময়ে দ্বিতীয় দফার মেরামত কাজ শুরু করা হবে বলে জানান আলিউল হোসেন। আগামী ৫ বা ৬ নভেম্বরের মধ্যে সেতুর দ্বিতীয় দফার কাজও শেষ হবে বলে আশাবাদ জানান তিনি।

/টিআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের