চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্মাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার। ভর্তি পরীক্ষাকে সামনে রেখে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় জালিয়াতি রোধে পুলিশের বিশেষ টিম কাজ করবে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ নিয়াজ মোরশেদ রিপন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদের পরীক্ষার মধ্য দিয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। এ উপলক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসসহ পরীক্ষায় জালিয়াতি রোধে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।’
তিনি আরও বলেন, ‘অন্যান্য বছর বিশ্ববিদ্যালয়ে ১০টি ইউনিটের প্রত্যেকটিতে আলাদা আলাদা পরীক্ষা নেওয়া হতো। তবে এবার চারটি ইউনিটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হবে। ভর্তিচ্ছুদের কষ্টের কথা চিন্তা করে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।’
ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, এবার সি ইউনিটের পরীক্ষায় প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ১৯ জন। এ ইউনিটে এবার ৭শ’ ৫২ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১৪ হাজার ৩১০টি। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের মোট চারটি ইউনিটে এবার চার হাজার ৯২৪টি আসনের বিপরীতে এক লাখ ২৬ হাজার ৫৭টি আবেদন জমা পড়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবার ভর্তি পরীক্ষায় কোনও পরিদর্শক মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার্থীরা কেবল সাধারণ ঘড়ি ও ক্যালকুলেটর সঙ্গে রাখতে পারবে, নেকাব পরিহিত নারী শিক্ষার্থীদের কান খোলা রেখে পরীক্ষার হলে ঢুকতে হবে। নির্ধারিত সময়ের পর কোনও শিক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। এছাড়া ভর্তি পরীক্ষা চলার সময় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা ছাড়া অন্য কোনও যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।
এদিকে, পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পরীক্ষার দিনগুলোতে নতুন সময়সূচিতে শাটল ট্রেন চলাচল করবে। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৬টা, সকাল সাড়ে ৬টা, সকাল ৮টা ১৫ মিনিট, সকাল ৮টা ৪৫ মিনিট, দুপুর ২টা ৪৫ মিনিট, বিকাল ৪টা এবং রাত ৮টা ৩০ মিনিটে মোট সাতটি শাটল ট্রেন নগরীর বটতলী স্টেশন থেকে ক্যাম্পাস অভিমুখে ছেড়ে যাবে। একই নিয়মে সকাল ৭টা ৫ মিনিট, ৭টা ৩৫ মিনিট, দুপুর ১টা ৫ মিনিট, দুপুর ১টা ৩০ মিনিট, দুপুর ৩টা ২০ মিনিট, বিকাল ৫টা ৩০ মিনিট এবং রাত ৯টা ৩০ মিনিটে সাতটি ফিরতি শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহর অভিমুখে ছেড়ে আসবে। পাশাপাশি একটি ডেমু ট্রেন সকাল ৯টা ১৫ মিনিট ও দুপুর ১টায় শহর থেকে ক্যাম্পাস অভিমুখে এবং সকাল ১০টা ২০ মিনিট ও ২টা ২০ মিনিটে ক্যাম্পাস থেকে শহর অভিমুখে চলাচল করবে।
পুলিশি নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (চট্টগ্রাম সদর) রেজাউল মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে ৬০০ বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রোধে পোশাকদারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা ক্যাম্পাসে মোতায়েন থাকবে। ক্যাম্পাসের ৩৪ স্পটে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।’
তিনি আরও বলেন, ‘এছাড়া পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত নির্বিঘ্ন করতে নগরীর অক্সিজেন মোড় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সড়কের ১৯টি পয়েন্টে মোতায়েন করা হবে ১০০ ট্রাফিক পুলিশ।’
২৭ অক্টোবর সমাজ বিজ্ঞান অনুষদ (ডি ইউনিট), ২৮ অক্টোবর কলা ও মানববিদ্যা অনুষদ (বি ইউনিট) এবং সর্বশেষ ২৯ অক্টোবর বিজ্ঞান অনুষদের (এ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবগুলো পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।







