ফেনীতে বোমার আগুনে দু’টি বাস পুড়ে যাওয়ার ঘটনায় যুবদলের আরও তিন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় তাদের গ্রেফতারের পর ফেনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেওয়া হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তাদের রিমান্ড আবেদনের শুনানির জন্য আদালত রবিবার দিন ধার্য করেছেন। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার গ্রেফতার হয়ে কারাগারে যাওয়া তিন যুবদল নেতা হলেন— সাইফুল ইসলাম, টিপু সুলতান ও সোহাগ। শুক্রবার শহরের বিভিন্ন স্থান থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। এ নিয়ে বাসে আগুন দেওয়ার ঘটনায় ২২ জনকে গ্রেফতার করলো পুলিশ।
ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী বলেন, ‘গ্রেফতারের পর তিন যুবদল নেতাকে সন্ধ্যায় ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের খাস কামরায় নেওয়া হয়। এসময় তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড চায় পুলিশ। রবিবার এই রিমান্ড শুনানি হবে বলে জানিয়েছেন আদালত।’
বাসে আগুনের ঘটনায় গ্রেফতার হওয়া ২২ জনের মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ছাত্রদল নেতা নূরে সালাম মিলন। তবে মিলনের পরিবারের দাবি, নির্যাতন করে ও ক্রসফায়ারের হুমকি দিয়ে মিলনকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করা হয়েছে।
প্রসঙ্গত, রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গাড়িবহর নিয়ে ঢাকায় ফেরার পথে মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে ফেনীর মহিপাল পার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুইটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় বুধবার ফেনী মডেল থানা জেলা ছাত্রদলের সভাপতি বরাত ও সাধারণ সম্পাদক মামুনসহ ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
এ সম্পর্কিত আরও খবর-
ফেনীতে বাসে আগুন: বিএনপির ১৩ নেতাকর্মী কারাগারে
ফেনীতে বাসে আগুনের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলা







