বরিশালের বেলতলা সংলগ্ন কীর্তনখোলা নদীতে কয়েকটি ট্রলার থেকে সাড়ে ৭ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। কোস্টগার্ড বরিশাল স্টেশনের সদস্যরা রবিবার (৫ নভেম্বর) সকালে অভিযান পরিচালনা করেন। কোস্টগার্ড বরিশাল স্টেশনের পেটি অফিসার সাইদুর রহমান এ তথ্য জানান।
সাইদুর রহমান জানান, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা লোকজন পালিয়ে গেছে। পরে দুপুরে কীর্তনখোলা নদী সংলগ্ন নগরের ডিসিঘাট এলাকায় বরিশাল উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমারের উপস্থিতিতে জব্দ জাটকাগুলো এতিমখানা ও মাদ্রাসায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, ইলিশ-সম্পদ সংরক্ষণ ও প্রবৃদ্ধির জন্য ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত আট মাস দেশে জাটকা বা ইলিশ-পোনা (১০ ইঞ্চির ছোট) ধরা, বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ এবং দণ্ডনীয়।








