গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দি আশরাফ আলী ওরফে মালেক (৪৭) নামে এক ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার বিকালে তার মৃত্যু হয়। ওই কয়েদি বগুড়ার ধুনট উপজেলার বড় চাপড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান জানান, আশরাফ আলী দুপুরে বুকে ব্যথা অনুভব করে। পরে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়। পরে বিকাল সোয়া ৩টার দিকে চিকিৎসক মালেককে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আশরাফ আলী একটি হত্যা মামলায় ২০১২ সাল থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি ছিল। আগে থেকেই তার বুকে ব্যথা ও উচ্চ রক্তচাপ ছিল।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম জানান, কাশিমপুর কারগার থেকে বন্দি আশরাফ আলীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।







