বর্তমান সরকারকে দখলদার ও জালিম সরকার বলে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বর্তমান জালিম সরকার আমাদের বুকের ওপর চেপে বসেছে। এই দখলদার সরকারের হাত থেকে মানুষকে মুক্ত করতে হবে। সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে এ সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে নেতাকর্মীদের উদ্দেশে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আগামী নির্বাচন থেকে খালেদা জিয়া ও বিএনপি নেতাদের দূরে রাখার ষড়যন্ত্র হচ্ছে। আমরা সহায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন চাই। এমন একটি নির্বাচন চাই, যেখানে সব রাজনৈতিক দলের সমান অধিকার থাকবে।’
দলীয় নেতাকর্মীদের প্রতি সহায়ক সরকারের দাবিতে আন্দোলনে নামার মানসিক প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে জনগণ তা মেনে নেবে না। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য সহায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। প্রয়োজনে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মধ্য দিয়ে সহায়ক সরকারের দাবি আদায় করব।’
এসময় বিএনপির সহ-সভাপতি শামসুজ্জামামান দুদু, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফাসহ দলটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।






