জামালপুর সদর উপজেলায় ছেলের শাবলের আঘাতে প্রাণ হারিয়েছেন বাবা। শুক্রবার (২৪ নভেম্বর) রাতে নরুন্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুর রহিম (৫৫)। ঘটনার পর থেকে দুই ছেলে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জামালপুর সদর উপজেলার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো.আনছার আলী বলেন, ‘গত কয়েক মাস ধরে বিয়ে ও ৩২ শতাংশ জমি নিয়ে দুই ছেলের সঙ্গে বাবার বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই ছেলেরা শাবল দিয়ে বাবার মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।’
এলাকাবাসী জানান, নিহত আব্দুর রহিমের স্ত্রী পাঁচ বছর আগে মারা যান। দীর্ঘদিন পর তিনি দ্বিতীয় বিয়ে করতে চাইলে তার দুই ছেলে রফিক মিয়া (৩০) ও শফিক মিয়া (২৬) বিয়েতে বাধা দেয়। শুক্রবার রাতে বাবা আব্দুর রহিমের সঙ্গে ছেলেদের আবারও ঝগড়া শুরু হয়। এসময় বিয়ের আগে তাদের নামে জমি লিখে দিতে বাবাকে চাপ দেয় তারা। কিন্তু এতে তিনি রাজি না হওয়ায় দুই ছেলে ক্ষিপ্ত হয়ে লোহার শাবল দিয়ে বাবাকে এলোপাতারি আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান আবদুর রহিম (৫৫)। এসময় তাকে বাঁচাতে গিয়ে আব্দুল জলিল নামে অপর ছেলে আহত হন।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।








