১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমানের ক্ষমতা নেওয়ার সমালোচনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘বিএনপি স্বাধীনতাবিরোধী শক্তি, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী। বঙ্গবন্ধুর মৃত্যুর পর রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন জিয়াউর রহমান। সেসময় বঙ্গবন্ধুর ভাষণ পর্যন্ত বাজাতে দিতেন না তিনি।’
শনিবার (২৫ নভেম্বর) বিকাল ৪টায় রাজবাড়ী জেলার পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহবুব উল আলম হানিফ।
সমাবেশে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম শফিকুল মোর্শেদ আরজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, জেলা আওয়ামী লীগ সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ ও পাংশা পৌর মেয়র আব্দুল আল মাসুদ।







