বগুড়ার ধুনটের রামকৃষ্ণপুর দতপাড়া গ্রামে প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি রাস্তা দখল করে বাড়িঘর নির্মাণ ও পুকুর খননের অভিযোগ উঠেছে। এতে ওই গ্রামের কমপক্ষে তিন শতাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে।
অভিযোগে জানা গেছে, ধুনট উপজেলার রামকৃষ্ণপুর দতপাড়া গ্রামের আবদুল মজিদের নেতৃত্বে ইউসুফ আলী, ইঞ্জিল মণ্ডল, মজিবর রহমান, বাবু মিয়া, ইমান আলী, নায়েব আলী, আশরাফ আলী, জোব্বার, রেফাজ ও শামসুল হক মানুষের যাতায়াতের জন্য ব্যবহৃত খাস রাস্তা (দাগ নং-৬৭০৬) দখল করেন। সেখানে ঘরবাড়ি নির্মাণ ও পুকুর খনন করেন। এতে গ্রামের তিন শতাধিক মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।
ভুক্তভোগীদের পক্ষ থেকে ২২ নভেম্বর ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় আলতাব হোসেন।
এলাকাবাসীর অভিযোগ, রাস্তা দখলের নেতৃত্ব দিয়েছেন আবদুল মজিদ নামের একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। ফলে কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পান না। তবে অভিযোগ অস্বীকার করেছেন আবদুল মজিদ। তিনি বলেন, ‘সরকারি কোনও রাস্তা দখলের সঙ্গে যুক্ত নই। প্রতিপক্ষের লোকজন আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন।’
এ ব্যাপারে ভাণ্ডারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন শ্যামল বলেন, ‘সরকারি রাস্তা থেকে দখলকারীদের উচ্ছেদে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা চাওয়া হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা জানিয়েছেন, তিনি শিগগিরই সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন।








