গাজীপুরের শ্রীপুরে সালিশ বৈঠকে জেঠাতো ভাইয়ের ঘুষিতে বসাত মণ্ডল (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত বসাত শ্রীপুর পৌরসভার (১নং ওয়ার্ডের) আফতাব মণ্ডলের ছেলে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শ্রীপুর পৌরসভার রেলওয়ে স্টেশনের পূর্বে আফতাব মণ্ডলের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেঠাতো ভাই মাসুম মণ্ডলের সঙ্গে বসাত মণ্ডলের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় উভয়ের সম্মতিতে আফতাব মণ্ডলের বাড়ির পাশেই সালিশ বৈঠকের প্রস্তুতি চলছিল। এসময় মাসুম মণ্ডল ও বসাত মণ্ডলের মধ্যে কথা হয়। এর এক পর্যায়ে তারা উপস্থিত লোকজনের সামনে তর্কে লিপ্ত হয়। কিছু বুঝে উঠার আগেই মাসুম মণ্ডল বসাতকে এলোপাতারি কিলঘুষি মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে উপস্থিত লোকজন বসাতকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সালিশে শ্রীপুর পৌর সভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জলিলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসরাত জাহান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন)আরও জানান, খবর পেয়ে পুলিশ শ্রীপুর হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। লাশের গায়ে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দক্ষিণ অফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত








