নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কায়েমপুর এলাকায় সাজেদা আক্তার মীম (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২০ ডিসেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল- ক) মো. শরফুদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের অভিযোগ, গৃহবধূর স্বামী শামিউল ইসলাম (২৫) তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে।
পুলিশ জানায়, নিহত সাজেদা আক্তার মীম জামালপুরের ইসলামপুরের কাতিহারা এলাকার হারুনার রশিদের কন্যা। তিনি স্থানীয় একটি গার্মেন্টেসে কাজ করতেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন জানান, এক বছর আগে সাজেদা আক্তার মীমের সঙ্গে জামালপুরের ইসলামপুরের দক্ষিণ সিরাজাবাদ গ্রামের সানোয়ার আকন্দের ছেলে শামিউল ইসলামের বিয়ে হয় বলে স্বজনরা জানিয়েছে। বিয়ের পর থেকে ফতুল্লার দক্ষিণ কাইয়ুমপুর এলাকায় ভাড়া থাকত তারা। স্বামী শামিউল নেশা করত বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশা করাকে কেন্দ্র করে স্বামী শামিউল ইসলাম স্ত্রী মীমকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে। তবে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার মৃত্যুর আসল কারণ জানা যাবে।







