টাকার বিনিময়ে সরকারি বই বিতরণের অভিযোগের সত্যতা পাওয়ায় লালমনিরহাট সদর উপজেলার কালমাটিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে (ভারপ্রাপ্ত) সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল-এমরান খন্দকার বরখাস্তের এ আদেশ দেন। আল-এমরান খন্দকারই বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, স্থানীয় অভিভাবকরা কালমাটিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হোসেন আলীর বিরুদ্ধে টাকার বিনিময়ে সরকারি বই বিতরণের অভিযোগ আনলে তদন্তে যান সদর উপজেলা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা জেসমিন আরা বেগম ও আশরাফুজ্জামান। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এতে হোসেন আলীকে সাময়িক বরখাস্ত ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে মঙ্গলবার (২ জানুয়ারি) জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন (স্বারক-উশিঅ/সদর/লাল/২০১৮/০৪) দেন জেসমিন আরা বেগম ও আশরাফুজ্জামান। আজ (বুধবার) বিকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল-এমরান খন্দকার সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি-১৯৮৫ এর বিধি-১৩ (৩) অনুযায়ী হোসেন আলীকে ২ জানুয়ারি থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের আদেশ (স্মারক নং-জেপ্রাশিঅ/লাল/এফ-সামঃবরঃ/২০১৮/৩৩) দেন।
এ বিষয়ে হোসেন আলী জানান, তিনি এখনও (এ রিপোর্ট লেখা পর্যন্ত) বরখাস্তের আদেশের কপি পাননি। বিনামূল্যের বই বিতরণে টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘উপজেলা সদর থেকে বিদ্যালয়ে বই আনার জন্য ভাড়া বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ টাকা করে আদায় করা হয়। সহকারী শিক্ষকদের পরামর্শ নিয়ে তা করা হয়।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল-এমরান খন্দকার বলেন, ‘হোসেন আলীর বিরুদ্ধে বিনামূল্যের বই বিতরণে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত আদেশ ওই শিক্ষকের কাছে পাঠানো হয়েছে।’








