আজ বৃহস্পতিবার (১ ফ্রেবুয়ারি) সারা দেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সিলেট শিক্ষা বোর্ডে এবারের পরীক্ষায় গত বছরের তুলায় পরীক্ষার্থী বেড়েছে প্রায় ১৫ হাজার। এদিকে ছেলেদের তুলনায় বেড়েছে মেয়ে শিক্ষার্থীর সংখ্যাও।
সিলেট শিক্ষা বোর্ড সূত্র জানায়, গত বছরের তুলনায় এ বছর ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। সিলেট বিভাগে এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৪৭ হাজার ৪৯২ জন এবং ছাত্রী ৬১ হাজার ১৫২ জন। এবার ১৩ হাজার ৬৬০ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। ২০১৭ সালে ছাত্রীদের সংখ্যা ছিল ১০ হাজার ৭৪৪ জন।
অন্যান্য বছরের তুলনায় এবার সিলেট বিভাগের সিলেট জেলা থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে এবং সবচেয়ে কম শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে হবিগঞ্জ জেলা থেকে। এদিকে পরীক্ষার্থীর পাশাপাশি বেড়েছে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও পরীক্ষার কেন্দ্রের সংখ্যা।
গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৫ হাজার ৩৬ জন। এ বছরের পরীক্ষায় সারা দেশে মোট অংশ নিচ্ছে ১ লাখ ৯ হাজার ১৮০ জন পরীক্ষার্থী। সিলেট থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৮ হাজার ৬২৪ জন এবং হবিগঞ্জ থেকে অংশ নিচ্ছেন ২২ হাজার ৩৮২ জন পরীক্ষার্থী। এছাড়াও মৌলভীবাজার থেকে ২৪ হাজার ৫ জন ও সুনামগঞ্জ থেকে ২৩ হাজার ৪৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
গত বছর সিলেটের চার জেলার ৮৭৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা অংশ নিলেও এবার অংশ নিচ্ছে ৮৯২টি প্রতিষ্ঠানে। গত বছর পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ছিল ১২৫, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৩১। এর মধ্যে সিলেটে ৫০টি, মৌলভীবাজারে ২৩টি, সুনামগঞ্জে ২৯টি ও হবিগঞ্জ জেলায় ২৯টি পরীক্ষা কেন্দ্র রয়েছে।
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া তফাদার জানান, পরীক্ষায় কোনও ধরনের অনিয়ম সহ্য করা হবে না। শুধু শিক্ষার্থীরা নয়, কোনও কর্মকর্তাও যদি অনিয়ম করেন তাহলে তাকেও ছাড় দেওয়া হবে না। কোনও পরীক্ষার কেন্দ্রে অনিয়মের অভিযোগ পেলে কেন্দ্র বাতিল করা হবে। সিলেট শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার কেন্দ্র তদারকি করার জন্য ৫টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এছাড়াও প্রতিটি জেলার কেন্দ্রগুলো তদারকি করার জন্য আরও ৬০টি ভিজিল্যান্স টিম মাঠে থাকবে। গত বছরের তুলনায় এবার ১০টি ভিজিল্যান্স টিম বাড়ানো হয়েছে।








