সাতক্ষীরার তালায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সাহায্য করার দায়ে ৪ জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। তারা এ বছর আর পরীক্ষার হলে ডিউটি করতে পারবেন না। তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে শিক্ষা বোর্ডকে সুপারিশ করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাংলা প্রথম পত্র পরীক্ষা চলাকালে তালা উপজেলার বি দে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদ হোসেন তাদের বহিষ্কারাদেশ দেন।
বহিষ্কৃত শিক্ষকরা হলেন- তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুমারেশ চন্দ্র বসু। শতদল মাধ্যমিক বিদ্যালয়ের জেসমিন খাতুন। শুভাসিনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রণব কুমার ঘোষ। রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সুব্রত কুমার রায়।
উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন বলেন, ‘বহিষ্কৃত শিক্ষকরা তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে দয়িত্বরত ছিলেন। এসব শিক্ষকরা পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সাহায্য করছিলেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বোর্ডকে জানানো হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার প্রথম পরীক্ষা বাংলা প্রথম পত্রের দিন জেলায় ২৩টি কেন্দ্রে ১৭ হাজার ৫৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৭ জন, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৭টি কেন্দ্রে ১ হাজার ১১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন এবং দাখিল পরীক্ষায় ১১টি কেন্দ্রে ৪ হাজার ৮৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, এবার এসএসসি পরীক্ষা সুষ্ঠু, দুর্নীতি ও নকলমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরীক্ষার কেন্দ্রে কাউকে ঘড়ি, মোবাইল ও অন্যান্য কোনও ডিভাইস নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সাহায্যকারী শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তালায় পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সাহায্য করার দায়ে ৪ জন শিক্ষকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বোর্ডকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, এবার সাতক্ষীরা জেলায় ৪১ টি কেন্দ্রে থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২৬ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। এসএসসি পরীক্ষায় ২৩ টি কেন্দ্রে ১৯ হাজার ৫৪৩ জন, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৭ টি কেন্দ্রে ১ হাজার ২১৭ জন এবং দাখিল পরীক্ষায় ১১ টি কেন্দ্রে ৫ হাজার ৫৫৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সাতক্ষীরা জেলায় এবার মোট পরীক্ষার্থী ২৬ হাজার ৩১৩।








