‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’- এ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০১৮ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল ওয়াহেদ। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নুরজাহান খানম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এসএম ইস্রাফিল।
অনুষ্ঠানে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, ‘নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণনে ভোক্তাসহ সবাইকে সচেতন হতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদনে সবাইকে সহযোগিতা করতে হবে। তবেই ভোক্তারা নিরাপদ খাদ্য গ্রহণ করতে পারবেন।’








