আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি একটি নষ্ট ও পচা রাজনৈতিক দল। কোনও আইন বা বিচার বিএনপির বিপক্ষে গেলেই তারা সেটা নিয়ে প্রশ্ন তোলে। বিএনপির অন্যায়ের বিচার করতে গেলেই তারা মিথ্যাচার শুরু করে।’
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া ইসলামীয়া কলেজ চত্বরে কর্মী সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলে প্রধান নির্বাচন কমিশনার যে মন্তব্য করেছেন সে ব্যাপারে প্রশ্ন করা হলে হানিফ বলেন, ‘নির্বাচন কমিশনের বক্তব্য যুক্তিসঙ্গত। কারণ আওয়ামী লীগ সব সময় চেয়েছে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হোক। আগামী নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশগ্রহণ করলে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হবে।’
কুষ্টিয়া ইসলামীয়া কলেজ চত্বরে কর্মী সমাবেশে জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
উত্তপ্ত রাজনীতি পর্যবেক্ষণ করছেন বিদেশিরা








