গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে তিনি বঙ্গবন্ধুর সমাধির বেদিতে ফুল দেন। পরে তিনি সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ নাজমুল আলম, গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ মো. দলিল উদ্দিন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিলুফার শিরিন, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশেষ মোনাজাতের পর প্রধান বিচারপতি বঙ্গবন্ধু ভবনে রাখা পরিদর্শন বইয়ে লিখেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত করে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠা করেছেন স্বাধীন বাংলাদেশ। তিনি অনন্য অসাধারণ ও বিশ্ববরেণ্য নেতা। তিনি বিশ্বের স্বাধীনতাকামী মানুষের পথিকৃৎ। প্রধান বিচারপতি আরও লিখেন, আমি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।’








