পিরোজপুরের স্বরূপকাঠিতে মোস্তফা (৩২) নামে এক দিনমজুরকে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় শুক্রবার স্থানীয় ইউপি সদস্যসহ ৮ জনের নামে থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী।
নিহত মোস্তফার শ্যালক বেল্লাল শেখ অভিযোগ করেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোহাগদলের একতার হাট থেকে বাড়ি ফিরছিলেন মোস্তফা। পথে আরামকাঠি এলাকায় স্থানীয় শাহজাহান মোল্লা, নূর জামাল, আফজাল, ইব্রাহীম চৌকিদার, আশ্বাব আলী, রাকিব তার বিরদ্ধে চুরির অভিযোগ দিয়ে আটক করে। এরপর তার সবাই তাকে মারপিট করে। পরে ইব্রাহীম চৌকিদার অন্যদের সহায়তায় মোস্তফাকে ধরে ইউপি সদস্য নকিতুল্লার কাছে নিয়ে যায়। সেখানেও তাকে মারধর করা হয়। সে সময় মোস্তফার মা ও স্ত্রী গিয়ে অনুরোধ করলে রাত ১টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। তার আগে সাদা কাগজে মোস্তফার বাবা, মা ও স্ত্রীর স্বাক্ষর নেওয়া হয়। তবে বাড়িতে নেওয়ার পর মোস্তফা অসুস্থ হয়ে পড়ে। ভোরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মোস্তফার স্ত্রী রাশিদা অভিযোগ করেন, ইউপি সদস্য নকিতুল্লাহ চুরির অভিযোগ দিয়ে এর আগেও মোস্তফাকে মারধর করেছে।
তবে চৌকিদার ইব্রাহিম নিজে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘শাহজাহানের ফোন পেয়ে তার বাড়িতে গিয়ে দেখি মোস্তফাকে মারধর করা হচ্ছে। সেখান থেকে তাকে স্থানীয় ইউপি সদস্য নকিতুল্লাহ কাছে নিয়ে যাই।’
ইউপি সদস্য নকিতুল্লাহ বলেন, ‘ঘটনার খবর পেয়ে চৌকিদার ইব্রাহিমকে সেখানে পাঠাই। রাত ১১ টার দিকে আরামকাঠি হাজি ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের কাছে আনা হয়। পরে তার মা ও স্ত্রীর অনুরোধে পুলিশে না দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।’ সে সময় তার বাবা, মা ও স্ত্রীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। কিন্তু মোস্তফাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
স্বরুপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।








