চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ আল ইমরান আহমেদ (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ মার্চ) ভোরে উপজেলার রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল ইমরান আহমেদ উপজেলার কলেজ পাড়ার আব্দুর রহমানের ছেলে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার দেহ তল্লাশি করে গুলিভর্তি একটি শুটারগান উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ জানান, গ্রেফতারকৃত ইমরানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে।








