খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল। এই সমাবর্তনে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বেলা ৩টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবর্তনে সভাপতিত্ব করবেন তিনি।
এবারের সমাবর্তন উপলক্ষে কুয়েটের ২০০৪ জন গ্রাজুয়েট রেজিস্ট্রেশন করেছেন। সমাবর্তনে ৩৮ জন গ্রাজুয়েটকে স্বর্ণ পদক ও ৮ জনকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হবে।
কুয়েটের পাবলিক রিলেশনস অফিসার মনোজ কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ‘সমাবর্তন উপলক্ষে ২ এপ্রিল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনের মাধ্যমে সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানাবেন।’
সমাবর্তনে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। সমাবর্তন বক্তৃতা প্রদান করবেন বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ আলী আসগর।
এদিকে মোংলা বন্দরের আমন্ত্রণপত্র সূত্রে জানা গেছে, ৪ এপ্রিল বিকাল ৫টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এসময় ডিজিটাল পদ্ধতিতে ৪টি প্রকল্পের উদ্বোধন করা হবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের প্রধান (এডিসি) সোনালী সেন জানান, কুয়েটে রাষ্ট্রপতির অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা থাকবে।








