বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় যশোর শিক্ষাবোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলায় এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর ৫৭৩টি কলেজ থেকে ১ লাখ ২২ হাজার ৩০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে । এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ২১ হাজার ৩৪ জন, মানবিক বিভাগে ৭৭ হাজার ২৬৯ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২৩ হাজার ৭২৭ জন শিক্ষার্থী রয়েছে। ২১৯ টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৬৩ হাজার ২৪জন ছাত্র ও ৬৯ হাজার ৬ জন ছাত্রী রয়েছে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল আলীম জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শান্তিপূর্ণভাবে গ্রহণ করতে কেন্দ্র পরিদর্শকদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বোর্ড, জেলা ও উপজেলা প্রশাসনের ভিজিলেন্স টিম কাজ করছে।








